subhendu adhikari against mamata banerjee
Bengal Liberty: আজ নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি পরিষদীয় দলের ৯ জন বিধায়ক। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। বিরোধী দলনেতা মমতার এই বক্তব্যের ভিডিওটি এক্স-পোস্টের মাধ্যমে তুলে ধরেন। যেখানে তিনি অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী CEO-কে হুমকি দিচ্ছেন। ঠিক যেমনটা BLO-দের দিয়েছিলেন। এটা সংবিধান বিরোধী কাজ। কমিশন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক।

কি বলেছেন মমতা? (subhendu adhikari against mamata banerjee)
এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ করে বলেন, ‘এখানের যিনি CEO, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেটা সময় হলে বলব। এখন বলছি না। ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি দুর্নীতিতে অভিযুক্ত। SIR-এর নামে ভোট কাটার চক্রান্তের প্রমাণ আসছে।’
বিষয়টা প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা অভিযোগপত্র আকারে একটি স্মারকলিপি আইনজীবী মারফৎ তৈরি করেছেন। যেখানে স্পষ্ট লেখা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। সংবিধান মোতাবেক কমিশন এই মর্মে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
আজ এই স্মারকলিপি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে গিয়ে মনোজ আগরওয়ালের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। একই সঙ্গে চিঠির আরেকটি প্রতিলিপি পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনে।
শুক্রবার দুপুর ১২:৩০-এ বিধানসভায় যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ৯ জন সিনিয়র বিজেপি বিধায়ক থাকবেন। তাঁদেরকে সঙ্গে নিয়ে দুপুর ১:২০ নাগাদ বিধানসভা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের উদ্দেশে রওনা দেবেন শুভেন্দু। কমিশন সূত্রে খবর, দুপুর ১:৩০-এ মনোজ আগরওয়াল বিজেপি বিধায়কদের সময় দিয়েছেন।

