West Bengal DA News
Bengal Liberty, রিয়া গিরি: রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ ইস্যুতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার (West Bengal DA News)। ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র প্রাপ্য অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আগামী ১ জুন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের বৈঠকের আগেই এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টেও বিচারাধীন। সম্প্রতি রাজ্য সরকার শীর্ষ আদালতে সময় চেয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যেই অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য অর্থ মেটানোর উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন আন্দোলনকারীরা।

ডিএ আন্দোলনের আবহে ইতিবাচক বার্তা সরকারের (West Bengal DA News)
কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিত গুপ্ত চৌধুরী বলেন, “রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত বিষয়ে সময় চেয়েছে। আবার সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকও করতে চলেছে। সেই আবহে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে শুধু অবসরপ্রাপ্তদের নয়, বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ-ও দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।” সরকারি মহলের একাংশের মতে, আসন্ন বৈঠকের আগে এই পদক্ষেপ কর্মচারী সংগঠনগুলির সঙ্গে আলোচনার পরিবেশকে ইতিবাচক করতে সাহায্য করতে পারে। তবে কর্মরত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা না হওয়ায় চাপ বজায় রাখছে সংগঠনগুলি। ফলে ১ জুনের বৈঠক ঘিরে রাজ্য প্রশাসন ও সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

