Namkhana document recovery
Bengal Liberty: দক্ষিণ ২৪ পরগনার নামখানা টোল প্লাজা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে আধার, ভোটার কার্ডসহ বিপুল পরিমাণ সরকারি ও আর্থিক নথি উদ্ধার হয়েছে।বুধবার সন্ধ্যায় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দেওয়া তথ্যের ভিত্তিতে নামখানা থানার পুলিশ এই সমস্ত নথিপত্র উদ্ধার করে। এত বিপুল সংখ্যক মানুষের ব্যক্তিগত ও ব্যাঙ্কিং নথি কেন একটি সাধারণ চায়ের দোকানে মজুত করে রাখা হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

কী কী উদ্ধার হল দোকান থেকে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চায়ের দোকান থেকে উদ্ধার হয়েছে, ৩৫টি আধার কার্ড, ৯টি ভোটার পরিচয়পত্র,৩৮টি এলআইসি বন্ড,২৬টি এটিএম কার্ড ও বিভিন্ন ব্যাঙ্কের পাসবুক।

উৎসের খোঁজে পুলিশ
জনগণের এই সমস্ত অতি গুরুত্বপূর্ণ এবং গোপনীয় নথিপত্র কোন-ও অসৎ উদ্দেশ্যে সেখানে জমানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ ইতিমধ্যেই সমস্ত নথি নিজেদের হেফাজতে নিয়েছে।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে উদ্ধার হওয়া কাগজ ও কার্ডগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রয়োজনে এই সমস্ত আধার ও ভোটার কার্ডে যাঁদের নাম-ঠিকানা রয়েছে, সরাসরি সেইসব ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে যে, কীভাবে এই জরুরি নথিগুলি হাতছাড়া হয়ে ওই চায়ের দোকানে পৌঁছাল। ঘটনার পেছনে কোনও বড় চক্র বা জালিয়াতি লুকিয়ে রয়েছে কিনা, তা নামখানা থানার পুলিশ খতিয়ে দেখছে।

