Korea Vs Czechia Match Review
Bengal Liberty, ১২ জুন ২০২৬ : চেকিয়াকে ২-১ গোলে(Korea Vs Czechia Match Review) হারিয়ে বিশ্বকাপ মঞ্চে এক স্মরণীয় জয় তুলে নিল দক্ষিণ কোরিয়া। শুক্রবার মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও আকরন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এই দুই দল। গ্যালারিজুড়ে তখন শুধুই দুই দেশের সমর্থকদের চিৎকার আর জয়ের উন্মাদনা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মতো এই ম্যাচেও একাধিক ফাউল হলেও রেফারিকে কোনো লাল কার্ড দেখাতে হয়নি। প্রথম থেকেই দুই দলই দর্শকদের প্রচণ্ড আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। নিজেদের চেনা ফরমেশনের ছন্দেই মাঠের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছিল দুই দলই, তবে শেষ মুহূর্তের মরণকামড় দিয়ে বাজিমাত করল “টাইগার্স অব এশিয়া”।

টানটান উত্তেজনার প্রথমার্ধ(Korea Vs Czechia Match Review)
রেফারির বাঁশিতে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই প্রতি মুহূর্তে আক্রমণের তীব্রতা বাড়াতে থাকে দুই দল। তবে ফরোয়ার্ডরা যতটা আক্রমণাত্মক ছিলেন, দুই দলের রক্ষণভাগও ততটাই শক্ত মানব প্রাচীর গড়ে তুলেছিল। ফলে প্রথমার্ধে বারবার আক্রমণ হলেও কোনো গোল আসেনি। তবে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই যেন আসল নাটকের সূত্রপাত হয়।

চেকিয়ার লিড ও কোরিয়ার রাজকীয় প্রত্যাবর্তন(Korea Vs Czechia Match Review)
পাসিংয়ের গতি ও আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের ৫৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে চেকিয়াকে এগিয়ে দেন এল. ক্রেজচি। গোল আসতেই চেকিয়া সমর্থকদের গ্যালারিতে উন্মাদনার বিস্ফোরণ ঘটে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি এশিয়ান জায়ান্টরা। গোল খাওয়ার ঠিক ৮ মিনিটের মাথায়, অর্থাৎ ম্যাচের ৬৭ মিনিটে কোরিয়াকে সমতায় ফেরান আই. ওয়াং। তাঁর চমকপ্রদ ও দর্শনীয় গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১

ম্যাচের শেষ দিকে নাটকীয়তা আরও বাড়ে। চেকিয়া দলের একটি কর্নার থেকে পাওয়া গোল অফসাইডের কারণে রেফারি বাতিল করে দেন। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হওয়ার সেই মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আঘাত হানে কোরিয়া। ম্যাচের ৮০ মিনিটে প্রতিপক্ষের অসতর্কতার সুযোগ নিয়ে দক্ষিণ কোরিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন ও. হিয়ন-গ্যু। সতীর্থদের সাথে চমৎকার সমন্বয় ও নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করে দলকে উল্লাসে ভাসান তিনি। শেষ পর্যন্ত অধিনায়ক হিউং-মিন সনের দল ২-১ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে।
পয়েন্ট টেবিলের সমীকরণ
এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে গ্রুপ-‘এ’-র পয়েন্ট তালিকায় মেক্সিকোর ঠিক নিচেই, অর্থাৎ দ্বিতীয় স্থানে জায়গা করে নিল দক্ষিণ কোরিয়া। সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে মেক্সিকো। ফলে আগামীতে দক্ষিণ কোরিয়া বনাম মেক্সিকোর ম্যাচটি যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এক মনে রাখার মতো লড়াই হতে চলেছে, তা বলাই বাহুল্য। অন্যদিকে চূড়ান্ত লড়াই করেও চেকিয়াকে মাঠ ছাড়তে হলো খালি হাতে। এখন দেখার বিষয়, পরের ম্যাচগুলোতে কোনো ম্যাজিক দেখিয়ে চেকিয়া নকআউট পর্বে প্রবেশ করতে পারে কি না।


