Aroop Biswas
Bengal Liberty : পরপর তিনবার পুলিশি তলব এড়ানোর পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই তিনি থানায় পৌঁছে তদন্তকারীদের মুখোমুখি হন। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছান অরূপ বিশ্বাস। মেসি ইভেন্ট সংক্রান্ত আর্থিক অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগের তদন্তে তাঁকে একাধিকবার তলব করা হলেও এতদিন তিনি হাজিরা দেননি। অবশেষে আদালতের নির্দেশের পর তদন্তে সহযোগিতা করতে থানায় উপস্থিত হন তিনি (Aroop Biswas)।

মেসি কাণ্ডে থানায় হাজিরা (Aroop Biswas)
উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে আগামী ১৭ অগাস্ট পর্যন্ত অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেয়েছেন অরূপ বিশ্বাস। তবে সেই সুরক্ষার পাশাপাশি আদালত স্পষ্ট করে দিয়েছে, তদন্তের প্রয়োজনে পুলিশ ডাকলে তাঁকে অবশ্যই হাজিরা দিতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। এছাড়াও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে তাঁকে নিজের পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া দেশ বা রাজ্যের বাইরে কোথাও যাওয়ার ক্ষেত্রেও তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মেসি ইভেন্ট-কাণ্ডে অরূপ বিশ্বাসের এই হাজিরাকে ঘিরে রাজনৈতিক মহল ও প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

মেসির কলকাতা সফর ঘিরে বিতর্ক
গত ডিসেম্বরে ফুটবল মহাতারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছিল চরম বিশৃঙ্খলা। অভিযোগ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠদের জেরে নিরাপত্তা বলয় ভেঙে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অস্বস্তিকর অবস্থার মুখে পড়ে নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। এই ঘটনা নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে এবং প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রীর পদ ছাড়েন অরূপ বিশ্বাস। এদিকে, মেসির কলকাতা সফরের আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা অভিযোগ তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর দাবি, মেসির অনুষ্ঠানের জন্য ছাপানো প্রায় ৭০ হাজার টিকিটের মধ্যে প্রায় ২২ হাজার টিকিট অরূপ বিশ্বাসের দখলে গিয়েছিল। পরে সেই টিকিটের একটি বড় অংশ অন্যত্র বিক্রি করা হয় বলেও অভিযোগ। টিকিট বণ্টন ও আর্থিক লেনদেন নিয়ে ওঠা এই গুরুতর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।
এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার নোটিশ পাঠানো হলেও অসুস্থতার কথা জানিয়ে পরপর তিনবার হাজিরা এড়িয়ে যান অরূপ বিশ্বাস। তবে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী আইনি সুরক্ষা পাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। ফলে মেসি-কাণ্ডে তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক ও ক্রীড়া মহলের।



