Kolkata Airport
Bengal Liberty: শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টির দাপট। এরই মধ্যে কলকাতা বিমানবন্দরে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে আহত হলেন তিন গ্রাউন্ড স্টাফ। একদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি আর বজ্রপাতে নাজেহাল জনজীবন, অন্যদিকে উত্তরের পাহাড়ে ধস ও প্রবল বর্ষণে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা।

বিমানবন্দরে দুর্ঘটনা (Kolkata Airport)
বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সকালে প্রবল বৃষ্টি চলাকালীন এমিরেটস ও ইন্ডিগো বিমানের গ্রাউন্ড স্টাফরা মালপত্র নামানোর কাজ করছিলেন। সেই সময় আচমকা বিমানবন্দরের রানওয়ে চত্বরে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে তিন গ্রাউন্ড স্টাফ গুরুতর আহত হন। তাঁদের দ্রুত বিমানবন্দরের মেডিকেল রুমে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর পাওয়া গেছে।

রাজ্যজুড়ে দুর্যোগের ছবি (Kolkata Airport)
আলিপুর আবহাওয়া দফতর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১০টি জেলায় ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস।শহরের নিচু এলাকাগুলোতে জল জমায় পুরসভা কনফারেন্স রুম খুলে পরিস্থিতি মনিটর করছে।
পাহাড়ে দুর্যোগের পরিস্থিতি ভয়াবহ। প্রবল বৃষ্টিতে বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় দুধিয়ায় নির্মীয়মাণ অস্থায়ী হিউম পাইপের সেতু ভেসে গিয়েছে। ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া মহানদী এলাকায় ধস নামার কারণে শিলিগুড়ি-কার্শিয়াং যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত।
বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয়বাষ্প এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবেই রাজ্যজুড়ে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিললেও প্রাকৃতিক দুর্যোগের জেরে সাধারণ মানুষের জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে।


