Kolkata Construction Audit
Bengal Liberty: তারাতলার ভয়াবহ দুর্ঘটনার পর শহরজুড়ে নির্মাণ নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার থেকে কলকাতা পুরসভার ১৬টি বরো এলাকায় বিশেষ নির্মাণ অডিট শুরু হয়েছে। এই অডিট চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

অডিটের আওতা ও উদ্দেশ্য (Kolkata Construction Audit)
মূলত জি+৫ (G+5) বা তার বেশি উচ্চতার সমস্ত আবাসিক বহুতল এবং বাণিজ্যিক ভবন এই বিশেষ অডিটের আওতায় আনা হয়েছে। নির্মাণকাজে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অডিট টিমগুলি পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখবে।
এর মধ্যে রয়েছে—
* জমির উপযোগিতা ও ভবনের কাঠামোগত নিরাপত্তা (Structural Safety) যাচাই।
* মাটির ধারণক্ষমতা (Soil Test) এবং নির্মাণসামগ্রীর গুণমান পরীক্ষা।
* অনুমোদিত নকশা (Sanctioned Plan) অনুযায়ী নির্মাণকাজ হচ্ছে কি না, তা খতিয়ে দেখা।
* প্রযোজ্য নির্মাণবিধি ও নিরাপত্তা মানদণ্ড মেনে কাজ হচ্ছে কি না, তার মূল্যায়ন।
* প্রয়োজনীয় নথি ও অনুমোদনের বৈধতা পরীক্ষা।

প্রশাসনের তৎপরতা (Kolkata Construction Audit)
কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, প্রতিটি নির্মীয়মাণ বহুতলের জন্য একটি নতুন ফর্ম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট নির্মাতা বা কর্তৃপক্ষকে সেই ফর্ম পূরণ করে নির্দিষ্ট বরো অফিসে অথবা পুরসভার ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।
১৬টি বরোর জন্য ১৬টি পৃথক অডিট টিম গঠন করা হয়েছে। এই টিমগুলি সরেজমিনে পরিদর্শন করে তাদের রিপোর্ট হাই পাওয়ার কমিটির কাছে জমা দেবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অডিট সম্পন্ন হওয়ার পর পরিকল্পনার অনুমোদন ও ছাড়পত্র মিললেই সংশ্লিষ্ট প্রকল্পে নির্মাণকাজ চালানো যাবে। পাশাপাশি, অডিট চলাকালীন নির্মাণ শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে ক্রেডাই (CREDAI)-কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
তবে স্কুল, হাসপাতাল এবং জরাজীর্ণ ভবনের জরুরি মেরামতের কাজের ক্ষেত্রে এই নির্দেশিকার কোনো প্রভাব পড়বে না।


