Sebashray Medical Camp
Bengal Liberty:
‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্পে অনিয়মের অভিযোগ নিয়ে এফআইআরের দাবিতে বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস (Medical Camp)। অভিযোগ, বিষ্ণুপুরের ‘সেবাশ্রয়’ ও ‘সেবাশ্রয়-২’ মেডিক্যাল ক্যাম্পে একাধিক অনিয়ম ও বিধি লঙ্ঘন হয়েছে। মেডিক্যাল ক্যাম্পের বিরুদ্ধে অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস, ওরফে ববি। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

থানার দ্বারস্থ বিজেপি
সূত্রের খবর, ১ জুলাই বিষ্ণুপুর থানার আইসি-র কাছে জমা দেওয়া অভিযোগপত্রে অভিজিৎ দাস দাবি করেছেন, ওই মেডিক্যাল ক্যাম্পে আল্ট্রাসাউন্ড, পোর্টেবল এক্স-রে-সহ নিয়ন্ত্রিত ডায়াগনস্টিক যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে আইন ও সরকারি বিধি লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি, অননুমোদিত চিকিৎসা পরিষেবা, অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগী দেখানো, ভুয়ো প্রেসক্রিপশন ও কনসালটেশন রেকর্ড তৈরির অভিযোগও তুলেছেন তিনি। পাশাপাশি, বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর বিষয়ও ঘটেছে। অভিযোগের কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।

অভিজিৎ দাস অভিযোগ করেছেন, সরকারি প্রচারপত্র, কনসালটেশন শিট, রেফারেল স্লিপ, ছবি, ভিডিও এবং সরেজমিন পর্যবেক্ষণের ভিত্তিতেই এই অভিযোগ করা হয়েছে। তাঁর বক্তব্য, প্রাথমিক তথ্যপ্রমাণেই চিকিৎসা সংক্রান্ত আইন এবং রোগী সুরক্ষার বিধি লঙ্ঘনের ইঙ্গিত মিলছে। তাই দ্রুত এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বিষ্ণুপুর থানা সূত্রে জানা গিয়েছে, ১ জুলাই অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, অভিযোগগুলি অভিযোগকারীর দাবি। এই বিষয়ে অভিযুক্ত বা সংশ্লিষ্ট আয়োজকদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


