Jay Prakash Majumdar
Bengal Liberty : দীর্ঘ ১৪ বছর ধরে একটি ফ্ল্যাট বেআইনিভাবে দখল করে রাখার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। অবশেষে স্বস্তি পেলেন তিনি। প্রায় এক মাস বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তাঁকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাই কোর্ট। তবে এই স্বস্তির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক শর্ত। থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই ফুলবাগান থানা এলাকায় ঢুকতে পারবেন না তৃণমূল নেতা। নিয়মিত থানায় হাজিরা দিতে হবে। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। অর্থাৎ শর্তসাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় প্রায় এক মাস পর হাজতের বাইরে বেরোবেন তিনি (Jay Prakash Majumdar)।

ফ্ল্যাট দখলের মামলায় আদালতে শর্তসাপেক্ষে স্বস্তি (Jay Prakash Majumdar)
গত ৩ জুন ফ্ল্যাট দখলের অভিযোগে জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, ২০১২ সালে ফুলবাগান এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তিনি। ২০১৫ সালে ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি ফ্ল্যাট খালি করেননি। শুধু তাই নয়, এরপর নতুন করে কোনও ভাড়ার চুক্তিও করা হয়নি বলে অভিযোগ। ফ্ল্যাটের মালকিন ও তাঁর কন্যার দাবি, তৎকালীন তৃণমূল সরকারের আমলে একাধিকবার থানার দ্বারস্থ হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রেফতারের পর জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন জয়প্রকাশ। প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানির কথা থাকলেও, গত ২৯ জুন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই মামলা থেকে সরে দাঁড়ান। পরে মামলাটি বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে যায়। বুধবার বিচারপতি মুখোপাধ্যায় জয়প্রকাশ মজুমদারের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
তবে আদালত তাঁর উপর একাধিক শর্ত আরোপ করেছে। ফুলবাগান থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, সেই থানা এলাকার মধ্যে তিনি প্রবেশ করতে পারবেন না। তদন্তকারী আধিকারিকের ডাকে নির্দিষ্ট সময়ে থানায় হাজিরা দিতে হবে এবং তদন্তে সর্বতোভাবে সহযোগিতা করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী এই সমস্ত শর্ত মেনেই আপাতত জেলের বাইরে থাকবেন তৃণমূল নেতা।



