Debraj Chakraborty
Bengal Liberty:
পুরুলিয়ায় গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তে নামতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তোলাবাজি ও আয়বহির্ভূত সম্পত্তি-সহ একাধিক অভিযোগের আর্থিক দিক খতিয়ে দেখতে ইতিমধ্যেই তথ্য ও নথি সংগ্রহ শুরু করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা (Debraj Chakraborty)। প্রাথমিক তদন্তের রিপোর্ট দিল্লির সদর দফতরে পাঠানো হবে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই অর্থপাচার প্রতিরোধ আইনে (PMLA) পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু হতে পারে।

প্রসঙ্গত, গত বুধবার পুরুলিয়া থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ এবং বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। এর পরপরই তাঁর আর্থিক লেনদেন, সম্পত্তির উৎস এবং অভিযোগে উল্লিখিত অর্থের গতিপ্রকৃতি নিয়ে তৎপরতা শুরু করেছে ইডি। ইডি সূত্রে খবর, দেবরাজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের নথি সংগ্রহ করে প্রাথমিক যাচাইয়ের কাজ চলছে। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে এবং অনুমোদন মিললে অর্থপাচার প্রতিরোধ আইনে পৃথক মামলা রুজু করবে কেন্দ্রীয় সংস্থা।
দেবরাজের গ্রেফতারের পর ইডির এই সম্ভাব্য পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। ওয়াকিবহাল মহলের মতে, আর্থিক দুর্নীতির দিকটি সামনে আসায় এই তদন্তের পরিধি আগামীদিনে আরও বাড়তে পারে।


