CM Suvendu Adhikari
Bengal Liberty : ক্ষমতায় এসেই ‘সবাইকে সঙ্গে নিয়ে চলার’ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকে কার্যত ‘দলতন্ত্রের রাজনীতি’র প্রতীক বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এতদিন বিরোধী বিধায়ক ও সাংসদদের ইচ্ছাকৃতভাবে সরকারি কর্মসূচি থেকে দূরে রাখা হত। রাজনৈতিক পরিচয় দেখে সুযোগ দেওয়া হত। পাশাপাশি বিধানসভার গণতান্ত্রিক রীতিনীতিকেও বারবার খর্ব করা হয়েছে বলে অভিযোগ করেন। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের ২ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন তিনি। একই সঙ্গে অতীতের সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সব দলের বিধায়কদের একসঙ্গে কাজ করে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

তৃণমূলের আমলে বিরোধীদের বঞ্চনার অভিযোগে সরব শুভেন্দু (CM Suvendu Adhikari)
শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের জন্য আয়োজিত ২ দিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। নতুন বিধায়কদের সংসদীয় রীতি, আইন ও বিধানসভা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এই ব্যবস্থাপনা যারা করেছেন, সকলকে ধন্যবাদ। সংসদের সচিব থেকে শুরু করে যারা সাহায্য করেছেন, আপনাদের জন্যই এই সফল প্রোগ্রাম করা সম্ভব হয়েছে।” এরপরই বামফ্রন্ট ও তৃণমূল, দুই পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর কথায়, “প্রথমে ৩৪ বছরে দলীয় অফিস থেকে সব হত। আর ১৫ বছরের কথা বলব না। কারণ এখানে বিরোধী দলনেতা আছেন, সকলে আছেন। নিজের বিধানসভার নিন্দা করা মুখ্যমন্ত্রীর শোভা পায় না।”
তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরোধীদের কোণঠাসা করার অভিযোগও তোলেন তিনি। বলেন, “এখানে বিরোধী সাংসদ, বিধায়কদের কোনও মর্যাদা ছিল না। কোনও সরকারি প্রকল্প, সরকারি কর্মসূচিতে বিধায়কদের ডাকা হত না। কিছু বিধায়কদের ডাকা হত রাজনৈতিক পরিচয় দেখে। শেষ পাঁচ বছরে বিরোধী দলনেতাকে একবারও ডাকেননি। গুরুত্বপুর্ণ অধিবেশনের আগে বারবার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হত।”

সব দলের বিধায়কদের একসাথে চলার বার্তা (CM Suvendu Adhikari)
রাজনৈতিক মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে প্রথমবার নির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ সকল বিধায়ককে ভালো করে কাজ শিখতে হবে। প্রথমবার যিনি নির্বাচিত হয়ে আসেন, তাদের শিখতে হয়।”তারপরই বিধায়কদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের এই দু’দিন ভালো করে শিখতে হবে। সবাইকে একসঙ্গে রাজ্যকে দাঁড় করাতে হবে।”



