Aparupa Poddar
Bengal Liberty : দ্বিতীয়বারের তলবের পর অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি থানায় পৌঁছন। স্বামীর গ্রেফতারের সময় কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়া ও হেনস্থার অভিযোগে শ্রীরামপুর থানার পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেই মামলার তদন্তের স্বার্থেই তাঁকে পরপর ২ বার তলব করা হয়েছিল। অবশেষে দ্বিতীয় নোটিসে সাড়া দিয়ে থানায় হাজিরা দেন প্রাক্তন সাংসদ (Aparupa Poddar)।

পুলিশের সঙ্গে বচসায় জড়ান অপরূপা (Aparupa Poddar)
রামনবমী-পরবর্তী হিংসার মামলায় হামলার অভিযোগে তিন বছর আগের একটি মামলায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের কাউন্সিলর-স্বামী সাকির আলিকে গ্রেফতার করে এনআইএ। মঙ্গলবার দুপুরে রিষড়ার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে পুলিশের নিরাপত্তায় তাঁকে বাড়ি থেকে বের করে আনা হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্বামীর গ্রেফতারি মেনে নিতে না পেরে ঘটনাস্থলেই ক্ষোভ প্রকাশ করেন অপরূপা পোদ্দার। অভিযোগ, তিনি কর্তব্যরত মহিলা পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং পুলিশের সঙ্গে তীব্র বচসায় লিপ্ত হন। পুলিশ তাঁকে গাড়ির কাছে যেতে বাধা দিলে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেই সময় পুলিশকে ধাক্কা দেওয়ার অভিযোগও ওঠে।

দ্বিতীয় তলবে থানায় হাজিরা (Aparupa Poddar)
ঘটনার পরই কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্তার অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি উপস্থিত হননি। পরিবর্তে ধৃত স্বামী সাকির আলির সঙ্গে দেখা করতে ব্যাঙ্কশাল আদালতে যান। পরে বৃহস্পতিবার ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে কিছুটা সময় চান তিনি। অবশেষে শুক্রবার দ্বিতীয়বারের তলবে সাড়া দিয়ে আইনজীবীকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর থানায় হাজিরা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ।



