Weather Alert
Bengal Liberty : নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি পুরোপুরি বিদায় নিচ্ছে না (Weather Alert)। কলকাতাসহ একাধিক জেলায় বুধবারও আকাশ থাকবে মেঘলা, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ উত্তরবঙ্গ। পাহাড় ও ডুয়ার্সের একাধিক জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে রাজ্যের দুই অংশেই আবহাওয়ার নজরদারি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের আকাশ সারাদিনই মেঘলা থাকবে। কলকাতাসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
বুধবার থেকেই উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। পাহাড় ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরসহ বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আরও পড়ুন :
Freedom Of Speech: সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন, দেশকে রক্ষা করুন

