Yusuf Pathan
Bengal Liberty: আচমকাই নবান্নে হাজির হলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর একটি বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে রাজ্য সরকার বা ইউসুফ পাঠানের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আর সেই কারণেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা (Yusuf Pathan)।

উল্লেখ্য, কয়েক দিন আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছিলেন, বহরমপুর লোকসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল এবং নির্বাচনী প্রচারে অনিয়ম হয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর জনপ্রিয়তা এবং জাতীয় পরিচিতিকে কাজে লাগিয়েই দল তাঁকে প্রার্থী করেছিল এবং তিনি জয়ী হন। এই পরিস্থিতিতে নবান্নে তাঁর উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককে ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসছে।

এদিকে, একই দিনে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ফলে একই দিনে ইউসুফ পাঠান ও প্রসেনজিতের নবান্ন সফর রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে বিশেষ কৌতূহলের সৃষ্টি করেছে।
ইউসুফ পাঠানের এই নবান্ন সফর কেবলই সৌজন্যমূলক নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ রয়েছে—তা নিয়ে জল্পনা চললেও, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।

