Shantanu Sen
Bengal Liberty : স্বাস্থ্য ভবনের অন্যতম থ্রেট কালচারে অভিযুক্ত শ্যামাপ্রসাদ দাসের মেয়েকে বদলি করা হয় (Shantanu Sen) ৷ কলকাতার ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির সহকারী অধ্যাপক ডাক্তার রিয়াল দাসকে পশ্চিমবঙ্গ জেনারেল সার্ভিসের মেডিক্যাল অফিসার ক্যাডারে ফিরিয়ে বদলি করে রাজ্য সরকার। এই ঘটনায় সোচ্চার হয়েছেন চিকিৎসক নেতা তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, “বেআইনিভাবে চাকরি পাওয়া রিয়াল দাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে আজকের দুর্নীতি মুক্ত স্বাস্থ্য দফতর।” পাশাপশি ফের একবার বিজেপি সরকারের ভুয়সী প্রশংসা করেন শান্তনু সেন (Shantanu Sen)।

“দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ফল মিলেছে”, দাবি শান্তনুর (Shantanu Sen)
রিয়াল দাসের বদলির ঘটনায় পূর্বতন সরকারকে তোপ দেগে শান্তনু সেন বলেন, “কেউ তাঁকে উত্তরবঙ্গ লবির কিংপিন বলেন, কেউ থ্রেট কালচারের মাথা, আবার কেউ তৎকালীন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির জনক বলে অভিহিত করেন। আমি তাঁকে প্রাক্তন সরকারের ডিফেক্টো স্বাস্থ্যমন্ত্রী বলি। তাঁর মেয়ে ডা. রিয়াল দাসের বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগে আজকের দুর্নীতিমুক্ত স্বাস্থ্য দপ্তর যে পদক্ষেপ করেছে, তাকে আমি স্বাগত জানাই।” এমনই মন্তব্য করে রাজ্যের বর্তমান বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপশি তিনি আরও বলেন, “স্বাস্থ্য দপ্তরের এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলেই আমাকে ১৪ মাস ধরে সাসপেন্ড করে রেখেছিল তৃণমূল কংগ্রেস সরকার। আজ সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা সত্যের জয় বলেই আমি মনে করি।”

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে হাসপাতালের দুর্নীতি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে একসময় তৃণমূলের অন্দরে তীব্র বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন চিকিৎসক নেতা শান্তনু সেন। দলবিরোধী মন্তব্যের অভিযোগে সাসপেন্ড হন এবং মুখপাত্রের পদ হারিয়েছিলেন। যদিও পরে দল তাঁকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব ফিরিয়ে দেয়। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নিজে থেকে পদ ছাড়েন চিকিৎসক নেতা। সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেন শান্তনু সেন।

আরও পড়ুন :
Mamata vs Suvendu : সারপ্রাইজ ভিজিটে অ্যাকশন শুভেন্দুর! উন্নয়নের নামে সারপ্রাইজ মমতার

