Purulia
Bengal Liberty: সরকারি নথি বিকৃতির গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা হেভিওয়েট তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু ব্যানার্জি ওরফে ধরম ব্যানার্জি এবং পুঞ্চা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে। শনিবার গভীর রাতে পুঞ্চা থানার পুলিশ লাখরা গ্রাম থেকে কাকা-ভাইপোকে এবং পাঁড়ুই গ্রাম থেকে কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে গ্রেফতার করে (Purulia)।


কী ঘটেছিল সেই রাতে? (Purulia)
অভিযোগ, চলতি মাসের ৭ তারিখ রাত সাড়ে নয়টার পর সুজয় বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃপাসিন্ধু ব্যানার্জি ও চরণপাহাড়ি দাস পুঞ্চা ব্লক অফিসে প্রবেশ করেন। সেখানে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-সহ একাধিক সরকারি প্রকল্পের নথিপত্র বিকৃত করার চেষ্টা করছিলেন তাঁরা। সেই সময় স্থানীয় বিজেপি কর্মীরা বিষয়টি টের পেয়ে ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা ছড়ালে সেদিনই পুঞ্চার বিডিও (BDO) পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যে, উক্ত ব্যক্তিরা বেআইনিভাবে ব্লক অফিসে অনাধিকার প্রবেশ করেছেন।

বিজেপির পাল্টা অভিযোগ ও গ্রেফতারি:
বিডিও-র অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রথমে চারজনকে গ্রেফতার করে পরের দিন পুরুলিয়া জেলা আদালতে পেশ করলে তাদের জামিন মঞ্জুর হয়। তবে ঘটনার রেশ এখানেই শেষ হয়নি। ওইদিনই বিজেপির পক্ষ থেকেও থানায় একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, বিজেপির দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল গভীর রাতে পুঞ্চা থানার পুলিশ নতুন করে অভিযান চালিয়ে তৃণমূলের এই প্রভাবশালী নেতা, তাঁর ভাইপো এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গ্রেফতার করে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর এই গ্রেফতারিকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন:

