Baruipur
Bengal Liberty
বারুইপুরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের বহুল আলোচিত(Baruipur) মামলায় ফের বদল করা হল তদন্তকারী অফিসার (আইও)। এবার এই স্পর্শকাতর মামলার তদন্তভার দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ডিইবি) শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। সিট (SIT) গঠনের পর এই মামলায় এর আগেও তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি—মামলার জটিলতা, ফরেনসিক তথ্য, সাক্ষ্যপ্রমাণ এবং ঘটনার প্রতিটি দিক আরও নিবিড়ভাবে খতিয়ে দেখতেই এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তে গতি আনতে অভিজ্ঞ আধিকারিককে দায়িত্ব(Baruipur)
এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম থেকেই রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি হয়। আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরব হয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিরোধীরা। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যান একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি চলে এবং দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে আগেই একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠন করা হয়েছিল।

প্রথমে এই তদন্তের দায়িত্বে ছিলেন জেলা পুলিশের আধিকারিক দিগন্ত মণ্ডল। পরে সেই দায়িত্ব দেওয়া হয় জয়ন্ত পোদ্দারের হাতে। এবার সবদিক খতিয়ে দেখে তদন্তভার তুলে দেওয়া হল ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। পুলিশ সূত্রে খবর, তদন্তে যাতে কোনওরকম ফাঁক না থাকে এবং আদালতে একটি শক্তিশালী চার্জশিট পেশ করা যায়, সেই লক্ষ্যেই এই রদবদল।
গত শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন এবং দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান। এরপরই তদন্তকারী অফিসার বদলের বিষয়টি সামনে আসায়, এই পদক্ষেপকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যদিও পুলিশ প্রশাসনের বক্তব্য—তদন্তের স্বার্থেই একজন অভিজ্ঞ আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় চার্জশিট জমা দেওয়াই এখন পুলিশের মূল লক্ষ্য।


