Afghan Commerce Minister visited the India International Trade Fair (IITF) 2025
Bengal Liberty: তালিবান শাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির ভারতের সফরের এক মাসের মাথায় হাতে পাঁচ দিন সময় নিয়ে ভারত সফরে এসেছেন সে দেশের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজি। এই সফরকালে তিনি ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে বৈঠক করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার বিষয়টি আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
বুধবার আজিজি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (IITF) ২০২৫ পরিদর্শন করেন। ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশনের (ITPO) ম্যানেজিং ডিরেক্টর নিরাজ খারওয়াল তাঁকে স্বাগত জানান।
আজিজি বিভিন্ন মেলায় বসা স্টলগুলি ঘুরে দেখেন, বিশেষ করে আফগান ব্যবসায়ীদের স্টল। ব্যবসা সম্প্রসারণ নিয়ে সংশ্লিষ্ট আফগান ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তালিবানিরা, ভারতের কাছাকাছি (India-Afghanistan relations)
২০২১ সালের পর এই প্রথম ITPO-তে কোনও আফগান মন্ত্রীর আগমন। কূটনৈতিক শিবিরের বক্তব্য, এটা সম্ভব হওয়ার নেপথ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত সংঘাত। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে আফগানিস্তান এখন ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। অন্যদিকে, তালিবান-পাকিস্তানের মধ্যে চলতি টানাপোড়েনের সুযোগের সদ্ব্যবহার করতে চায় ভারত। সেকারণেই শত্রুতা ও মতাদর্শগত বিরোধ ভুলে আফগানিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চায় ভারত।
বর্তমানে ভারতের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে ওষুধ, টেক্সটাইল, যন্ত্রপাতি, চিনি, চা, চাল। আর আফগানিস্তান থেকে ভারত আমদানি করে কৃষিপণ্য ও খনিজ।
সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অগ্রগতির অংশ হিসেবে ভারত অক্টোবর ২০২৫-এ কাবুলে তার মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নতি করেছে।উল্লেখ্য,গত ১০ অক্টোবর তালিবান পররাষ্ট্রমন্ত্রী মুতাক্কির সঙ্গে বৈঠকের সময়ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেন,যে কাবুলে ভারতের “টেকনিক্যাল মিশন”কে দূতাবাসের মর্যাদা দেওয়া হবে—২০২১ সালে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রথম বড় পদক্ষেপ হিসেবে এটিকে দেখা হচ্ছে।
