Punjab National Bank scam
Bengal Liberty: ভুয়ো বিল্ডিং স্যাংশন প্ল্যান জমা দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর কাছ থেকে প্রায় ৩.৯০ কোটি টাকার ক্যাশ ক্রেডিট ঋণ নেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার ৩ (Punjab National Bank scam)। ধৃতরা হ’ল, মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায়। তদন্তে নেমে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের বাড়ি থেকে প্রায় ১.৫৫ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। পাশাপাশি কিছু ভুয়ো নথিও ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রতারণার সূত্রপাত (Punjab National Bank scam)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের আগে M/s Iinings Ventures Pvt. Ltd.-এর ডিরেক্টর এবং গ্যারান্টর হিসেবে মানস রায়, তাপস রায়, তন্ময় রায়, স্নিগ্ধা রায় এবং প্রশান্ত চৌধুরী পরস্পরের সঙ্গে যোগসাজশ করে এই প্রতারণার ছক তৈরি করে। তদন্তে উঠে এসেছে― সংশ্লিষ্ট M/s Adams Appliances Pvt. Ltd., M/s Noxx & Chef’s Deck Pvt. Ltd., M/s Adamas Appliances and Electronics Pvt. Ltd. এবং M/s Adamas Furniture Pvt. Ltd.-সহ একাধিক সহযোগী সংস্থার মাধ্যমে জালিয়াতির পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
অভিযোগ, হাওড়া পুরসভার নামে BRC-506 (2017-18) নম্বরের একটি ভুয়ো বিল্ডিং স্যাংশন প্ল্যান তৈরি করা হয়। পরবর্তীতে সেটিকে আসল নথি হিসেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা পড়ে। ওই নথির ভিত্তিতেই ব্যাঙ্ক থেকে ৩ কোটি ৯০ লক্ষ টাকার ক্যাশ ক্রেডিট ঋণ নেওয়া হয় বলে অভিযোগ।
তদন্তে উঠে এসেছে, ঋণ নেওয়ার পর অভিযুক্তরা নিয়মিত কিস্তি (EMI) শোধ করেনি। নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা ফেরতও দেয়নি। পরে বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ঋণের অর্থ অন্যত্র সরিয়ে আত্মসাৎ করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা (Punjab National Bank scam)
ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৬১(২), ৩১৮(৪), ৩১৬(২), ৩৩৮, ৩৩৬(৩) এবং ৩৪০(২) ধারায় মামলা রুজু হয়েছে।
তদন্তের স্বার্থে গত রাতে ডিটেকটিভ ডিপার্টমেন্টের বা গোয়েন্দা বিভাগ (DD), স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) এবং অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড শাখা মিলে যৌথ অভিযান চালায়। তারপর-ই হাওড়ার নন্দলাল চ্যাটার্জি লেন থেকে মানস রায়, তাপস রায় এবং তন্ময় রায়কে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।
পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বাড়ি থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা নগদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে খবর।
আরো পড়ুন:-
Tamluk Municipality: তমলুক পুরসভায় প্রশাসনিক অচলাবস্থা, শোকজ করল রাজ্যের পুর দপ্তর

