Bengal Liberty:
প্রশাসনিক অচলাবস্থায় কার্যত থমকে গিয়েছে তমলুক পুরসভার কাজকর্ম। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের পরপর পদত্যাগে নতুন বোর্ড গঠন অনিশ্চিত হয়ে পড়েছে। এর জেরে জুন মাসের বেতন পাননি পুরসভার ১৩৪ জন স্থায়ী কর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এই জটিল পরিস্থিতি নিয়ে পুরসভাকে শোকজ করে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের আবহে, গত ২৯ জুন চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহার ইস্তফা গৃহীত হয়। এরপর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেন ভাইস-চেয়ারম্যান সুফিয়া বেগম। আগামী ১০ জুলাই নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য বোর্ড বৈঠক ডাকা হলেও, তার তিন দিন আগেই পদত্যাগ করেন সুফিয়াদেবীও। ফলে স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যায় সেই বৈঠক। Tamluk Municipality

এরই মধ্যে পুরসভার এক্সিকিউটিভ অফিসারও গত ২৩ জুন পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে প্রশাসনিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। পুরসভা সূত্রে খবর, ফিক্সড-পে কর্মী ও পেনশনভোগীদের টাকা মেটানো সম্ভব হলেও, চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় ৭৯ জন স্থায়ী কর্মী, ২ জন চিকিৎসক এবং ৫৫ জন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩৪ জনের জুন মাসের বেতন আটকে রয়েছে।

বেতনহীন ১৩৪ কর্মী, তিন দিনের মধ্যে রিপোর্ট তলব
দীর্ঘদিন বেতন না পেয়ে চরম বিপাকে পড়েছেন কর্মীরা। তাঁদের দাবি, দ্রুত নতুন বোর্ড গঠন করে বকেয়া বেতন মেটানোর ব্যবস্থা করা হোক। ইতিমধ্যেই এই অচলাবস্থার কথা জানিয়ে মহকুমাশাসক, জেলাশাসক এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অবশেষে সোমবার দপ্তরের পক্ষ থেকে শোকজ নোটিস পাঠিয়ে আগামী তিন দিনের মধ্যে পরিস্থিতির ব্যাখ্যাসহ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ: বিএসএফ-কে১,০২৪ একর জমি দিল রাজ্য

