Bengal Liberty: ঝঞ্ঝাময় পরিস্থিতির পর অবশেষে প্রকাশিত হলো নিট-ইউজি (NEET-UG) ২০২৬ পরীক্ষার ফলাফল। লুধিয়ানার আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার অংশুল বনশল ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে সর্বভারতীয় স্তরে প্রথম স্থান (AIR-1) অধিকার করেছেন।
পরীক্ষার ফলাফল ও তথ্য (NEET UG 2026)
ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তথ্য অনুযায়ী, এ বছর মোট ১১.২১ লক্ষ প্রার্থী এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ বছর ১৯ জন পরীক্ষার্থী ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৫৮ শতাংশেরও বেশি ছাত্রী। পুরুষদের তুলনায় ছাত্রীদের সাফল্যের হারও সামান্য বেশি (ছাত্রীদের সাফল্যের হার ৫৬.৮ শতাংশ, ছাত্রদের ৫৫.১ শতাংশ)। পরীক্ষাটি মোট ১৩টি ভাষায় নেওয়া হয়েছিল।

সাফল্যের গল্প (NEET UG 2026)
পরীক্ষা বাতিল হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়লেও হাল ছাড়েননি আরিয়ান। দীর্ঘ পরিশ্রম এবং পরিবারের সাপোর্টে তিনি নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করেন। অন্যদিকে, অংশুল বনশল নিজের প্রস্তুতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ওপর জোর দিয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত খেলাধুলা ও শখের কাজ যেমন পিয়ানো বাজানো বা ভিডিও গেম খেলার সময়টুকুও বের করে নিতেন। তাঁদের পরামর্শ, নিয়মিত মক টেস্ট দেওয়া এবং অনুশীলনের মাধ্যমেই সাফল্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব।

বিতর্ক ও পরীক্ষা (NEET UG 2026)
গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস এবং নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। এরপর ১২ মে এনটিএ পরীক্ষাটি বাতিল ঘোষণা করে। পরবর্তীতে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়, যেখানে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে পুরো বিষয়টি সিবিআই (CBI) তদন্ত করছে।
পরীক্ষার পূর্ণাঙ্গ তালিকা এবং বিশদ তথ্য এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ পাওয়া যাচ্ছে।

