supreme court
Bengal Liberty: ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। জানা যাচ্ছে, দেবব্রত মাইতি খুন মামলায় বড় পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তৃণমূলের শেখ সুফিয়ান, আবু তাহের, শাহাবুদ্দিন-সহ মোট ৪২ জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করল শীর্ষ আদালত। সংশ্লিষ্ট নোটিসগুলো ইতিমধ্যে অভিযুক্তদের হাতে পৌঁছে গিয়েছে বলে খবর। গোটা বিষয়টা নিয়ে নন্দীগ্রাম-সহ সমগ্র মেদিনীপুরে আলোচনা তুঙ্গে।
গত ১০ নভেম্বর সুপ্রিম কোর্টে আবেদন করে সিবিআইয়ের আইনজীবী মুকেশ কুমার জানান, দেবব্রত মাইতি খুন মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে ঝাড়খণ্ড হাইকোর্টে স্থানান্তর করা প্রয়োজন। এরপর, ১৯ নভেম্বর আদালত নোটিস জারি করে বলে, অভিযুক্তরা চাইলে ১ মাসের মধ্যে নিজেদের মতামত জানাতে পারবেন। আদালত জানতে চেয়েছে, কেন মামলাটি স্থানান্তর করা হবে না, তার ব্যাখ্যাও দিতে হবে।
Supreme Court দেবব্রত মাইতি খুন মামলা

নোটিসের পর প্রতিক্রিয়া জানিয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান অভিযোগ তোলেন, “এটা বিজেপির চক্রান্ত, হলদিয়া কোর্টে সাক্ষ্যগ্রহণ শুরু হতে না দেওয়ার চেষ্টা। শুভেন্দু অধিকারীর কারচুপি। ভোটের আগে পুরনো মামলা তুলে চাপ তৈরি হচ্ছে।” তৃণমূল নেতা আবু তাহেরের অভিযোগ, “এটা পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা।”
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছে। খুনের অভিযুক্তরা নন্দীগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। সিবিআই যদি কঠোর ব্যবস্থা না নেয়, এসব খুন বন্ধ হবে না।”
নন্দীগ্রাম–১ ব্লকের তৃণমূল কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ দাবি করেন, “বিজেপি অগণতান্ত্রিক শক্তি প্রয়োগ করে বিধানসভা দখল করতে চাইছে।” দেবব্রত মাইতির স্ত্রী বলেন, “সিবিআই সঠিক পথে তদন্ত করছে। আমি চাই, দোষীরা শাস্তি পাক।”
