IMF grants $1.2 billion to Pakistan
Bengal Liberty: ভারতের তীব্র আপত্তি ও পাকিস্তানের অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং সংস্কারের অভাব নিয়ে উদ্বেগ সত্ত্বেও ইসলামাবাদকে অর্থের জোগান আন্তর্জাতিক আর্থিক তহবিলের (IMF)। একটি নতুন ঋণের কিস্তিতে পাকিস্তানকে দেওয়া হচ্ছে ১.২ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ১০ হাজার কোটি টাকা। পাকিস্তানের বিদেশি মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করতে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এই অর্থের জোগান দেওয়া হচ্ছে বলে জানায় আইএমএফ। তবে বিশেষজ্ঞরা দাবি করেছেন, আইএমএফের এই পদক্ষেপ যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে পারে।
আইএমএফের দাবি (pakistan)
আইএমএফ সোমবার পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলারের তৃতীয় কিস্তির ঋণ দেওয়ার ঘোষণা করেছে। এই নিয়ে পাকিস্তানকে তৃতীয় কিস্তির টাকা দিতে চলেছে এই আন্তর্জাতিক সংগঠন। সব মিলিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানকে দেওয়া হয়েছে ৩.৩ বিলিয়ন ডলার। সাম্প্রতিক ঋণ দেওয়া এই অর্থ দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে পাকিস্তান। নিজ দেশের অর্থনৈতিক সংশোধন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে ব্যয় করা যাবে এই টাকা।আইএমএফের শীর্ষ আধিকারিক নাইজেল ক্লার্ক এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান সরকার।
এর আগে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে ঋণের অনুমোদন দিয়েছিল আইএমএফ। আর এবার অপারেশন সিঁদুর ২.০-র গুঞ্জনের মাঝে ঋণের অনুমোদন দিল আইএমএফ। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে ১২০ কোটি ডলার ঋণ দিতে গত ৮ ডিসেম্বর বৈঠকে বসেছিল আইএমএফ-এর এক্সিকিউটিভ কমিটি। প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণের পর থেকেই অপারেশন সিঁদুর ২.০-র গুঞ্জন শুরু হয়েছে ফের। তা নিয়ে ইসলামাবাদেরও হৃদকম্পন বেড়ে গিয়েছিল। এরই মাঝে ফের আইএমএফ বেলআউট প্যাকাজের কিস্তির অনুমোদন দিল পাকিস্তানের জন্য।
অপরদিকে,ভারত অভিযোগ করে আসছে, আইএমএফ-এর অর্থ কাজে লাগিয়ে সন্ত্রাসবাদে মদত দেয় পাকিস্তান। এই আবহে পাকিস্তানকে আইএমএফ-এর দেওয়া ঋণের বিরোধিতা করে আসছে ভারত। তবে ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও ফের পাকিস্তানকে ১.২ বিলিয়ন ডলার দিচ্ছে আইএমএফ।

