PM Narendra Modi
Bengal liberty: আজ, শুক্রবার অধিবেশন চলাকালীন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উত্তর প্রদেশের NDA সাংসদরা নরেন্দ্র মোদির সঙ্গে আলাদা করে বৈঠকে বসেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল উত্তরপ্রদেশে জনসংযোগ বৃদ্ধি ও যোগাযোগ উন্নত করা।
এদিনের বৈঠক সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বৈঠকে প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত সাংসদদের মানুষের সুবিধা অসুবিধার দিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন। যাতে সরকারি কাজে মানুষেরা প্রকৃতপক্ষে লাভবান হয়। প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার পাশাপাশি জনসংযোগ বাড়াতে সাংসদদের সোশ্যাল মিডিয়ায় আরও সক্রিয় থাকতে বলেছেন মোদি। পাশে থাকার বার্তা দিয়ে সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর মন্তব্য, “এই মজদুর আপনাদের পাশে সর্বদা রয়েছে। আপনারা শুধু কাজ করে যান।”
কংগ্রেসকে কটাক্ষ মোদির (PM Modi)
কংগ্রেসের সঙ্গে বর্তমান সরকারের তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস শুধু প্রতিশ্রুতি দেয় এবং নির্বাচন এলেই সক্রিয়তা দেখায়। অন্যদিকে NDA সরকার সারা বছর কাজ করে। তবে বহু প্রকল্প ও সাফল্য মানুষের কাছে যথেষ্টভাবে প্রচার পায় না।”
উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার রাতে লোক কল্যাণ মার্গে নৈশভোজের এলাহী আয়োজন করে NDA জোটের সাংসদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে মোদি লেখেন, “এই জোট সুশাসন, জাতীয় উন্নয়ন এবং আঞ্চলিক আকাঙ্ক্ষার প্রতি এক যৌথ প্রতিশ্রুতির প্রতীক।”

