INDIA Alliance
INDIA Alliance

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের আন্দোলনের প্রস্তুতি, বৃহস্পতিতেই বৈঠক ইন্ডি জোটের!

জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং SIR বাতিলের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টির মতো বিজেপি-বিরোধী দলগুলি। ককরোচ জনতা পার্টির শুরু করা আন্দোলনেও এর আগে যোগ দিয়েছিলেন ইন্ডি জোটের নেতারা। কংগ্রেস নেতা রাহুল গাঁধী স্পষ্ট জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদ থেকে না সরলে তিনি আন্দোলন চালিয়ে যাবেন। তবে দুর্গাপুজো ও দীপাবলির কারণে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ কর্মসূচি কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। এবার নভেম্বরের শুরু থেকেই ফের আন্দোলন পুরোদমে শুরু করতে চাইছে বিরোধী শিবির।

এই লক্ষ্যে ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের অধীনে আগামী ১ নভেম্বর দিল্লিতে কর্মসূচির ডাক আগেই দিয়েছে বিরোধীরা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল হওয়ার কথা। বৃহস্পতিবারের বৈঠকে এই কর্মসূচির প্রস্তুতি এবং আন্দোলনকে আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি কীভাবে আরও জোরালো করা যায় এবং কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরির জন্য আর কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও মতবিনিময় করতে পারেন জোটের নেতারা।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।