Bengal Liberty : চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনার তদন্ত আরও একধাপ এগোল। বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিট ধরে গোটা মণ্ডপ চত্বর খতিয়ে দেখলেন বিশেষ তদন্তকারী দল বা সিট -এর সদস্যরা। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে গঠিত ছয় সদস্যের এই দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন দিক খতিয়ে দেখে। সিটের পরিদর্শনের পরপরই ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। এ দিকে আটক করা হয়েছে মাইকে বিভ্রান্তিকর ঘোষণাকারী ক্লাব সদস্য সেন্টু। তাঁকে নদিয়া থেকে আটক করা হয়েছে। তিনি কার নির্দেশে বিভ্রান্তিকর ঘোষণা করেছেন তা জানতে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেন্টুকে।
ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে তৎপর রাজ্য প্রশাসন ও পুলিশ। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার বার্তাও দেন তিনি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা হয়েছে।
আরও খবর
মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার সিটের সদস্যদের ঘটনাস্থল পরিদর্শন এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের তদন্তে নতুন করে গুরুত্ব পাচ্ছে দুর্ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান। মণ্ডপের পরিস্থিতি, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তকারীরা কী তথ্য পান, এখন সেদিকেই নজর।


