Sovandeb Ritabrata
Sovandeb Ritabrata

বিধায়ক পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে শোভনদেব, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা

Bengal Liberty : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে ফের আইনি লড়াইয়ে নামল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। দলত্যাগবিরোধী আইনে ওই বিধায়কদের সদস্যপদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু-সহ একাধিক পক্ষকে মামলায় যুক্ত করা হয়েছে।

রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির থেকে বেরিয়ে একদল বিধায়ক নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করতে শুরু করেন। পরবর্তী সময়ে ওই বিদ্রোহী শিবিরের নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসে। বিধানসভায় বিরোধী দলনেতার পদেও রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে দলত্যাগবিরোধী আইনে ঋতব্রত-সহ ১০ বিধায়কের সদস্যপদ খারিজের দাবি তুলেছে মমতা-অনুগামী শিবির।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও ফিরহাদ হাকিম, অরূপ রায়, সন্দীপন সাহা, শিউলি সাহা, আখরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, রথীন ঘোষ, বিপ্লব মিত্র এবং জাভেদ আহমেদ খানের নাম রয়েছে। গত ৮ জুলাই বিধানসভার স্পিকারের কাছে ওই ১০ বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছিল।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর এই মামলায় শোভনদেবের আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালত জানিয়েছিল, দলত্যাগ সংক্রান্ত আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সাধারণত তিন মাসের সময়সীমা মেনে চলা উচিত। সেই হিসেবে ৮ অক্টোবরের মধ্যে স্পিকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগী হওয়ার প্রত্যাশা প্রকাশ করেছিল শীর্ষ আদালত। তবে ওই পর্যায়ে বিধায়কদের পদ খারিজের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি আদালত। দ্রুত নিষ্পত্তির আর্জিও খারিজ করে দেওয়া হয়েছিল।

এখন নজর আগামী সপ্তাহে সম্ভাব্য শুনানির দিকে। স্পিকারের কাছে জমা পড়া আবেদন এবং পরবর্তী আইনি পদক্ষেপ ঘিরে শীর্ষ আদালত নতুন করে কী নির্দেশ দেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।