Bengal Liberty : দশমীর রাতে মালদহে বিজেপি কর্মী সমীর ঘোষকে খুনের ঘটনায় পুলিশের জালে আরও দুই অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে মহদিপুর এলাকা থেকে তৃণমূল নেতা শত্রু ঘোষ ও ছোটন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে শত্রু ঘোষকে এই খুনের মূল অভিযুক্ত বলে উল্লেখ করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
মালদহের রামকেলিতে এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে সমীরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এরপর তাঁর মৃত্যু নিশ্চিত করতে ওই ব্যক্তির উপর গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর।
এই ঘটনায় প্রথমেই রঞ্জন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আরও দু’জনকে গ্রেফতারের ফলে তদন্তে নতুন অগ্রগতি হল। খুনের নেপথ্যে কী কারণ ছিল এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও খবর
স্থানীয় সূত্রের দাবি, সমীরের সঙ্গে শত্রুর দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিবাদ চলছিল। ঘটনার দিন দু’পক্ষের মধ্যে বচসাও হয় বলে জানা গিয়েছে। পরে রাতে বিজেপি কর্মী সমীরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে শত্রু ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক পরিচয় এবং পুরনো বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছিল।
এদিকে, ঘটনার পর যাতে নতুন করে অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, রামকেলিতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এখনও টহলদারি চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব নিহতের পরিবার।


