Suvendu Adhikari
Suvendu Adhikari

চোরবাগান কাণ্ডে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী! সোমবার ৮ হাজার পুজো কমিটির সঙ্গে বৈঠক

Bengal Liberty : চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত শুভম সোনকারের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় বাগমারি-মানিকতলায় মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি, আগামী দিনে যাতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের কথাও জানান মুখ্যমন্ত্রী।

পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোরবাগান কাণ্ড নিয়ে আক্ষেপ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “রাজ্যে এত হাজার পুজো হয়েছে, কোথাও সে রকম কোনও বড় ঘটনা নজরে আসেনি। কেবল কয়েকটা মিনিটের মধ্যে ১৯ জন সহনাগরিককে হারানো সত্যিই বেদনাদায়ক।”

ঘটনার পর থেকেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, একে একে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। শুভমের পরিবারের আর্থিক পরিস্থিতি এবং তাঁদের প্রয়োজনের বিষয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, সরকারের তরফে যে সাহায্য করা সম্ভব, তা করা হবে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন শুভম। তাঁর মর্মান্তিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার। পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়ার বিষয়টিও বিবেচনা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

চোরবাগান কাণ্ডের তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, নিরপেক্ষ তদন্তের স্বার্থে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। তদন্তে কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার ভূমিকা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ঘটনার সঙ্গে যাঁদেরই গাফিলতি বা ভুলের যোগ থাকুক না কেন, তদন্তে তা সামনে আসা উচিত। তাঁর মন্তব্য, “তিন মাসের মধ্যে রিপোর্ট এসে যাবে। পানি কা পানি, দুধ কা দুধ হয়ে যাবে।”

আগামী ২৬ অক্টোবর কলকাতা ও হাওড়ার প্রায় আট হাজার পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এ বারের অনুষ্ঠানে বড় কোনও আয়োজন থাকছে না। পুজো উদ্যোক্তাদের অভিনন্দন জানানোই হবে মূল উদ্দেশ্য। তবে চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা নিয়ে আগামী বছরের পুজোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনার বার্তা দেবেন তিনি।

মুখ্যমন্ত্রীর কথায়, “চোরবাগানের ঘটনা মাথায় রেখে এখন থেকেই আগামী বছরের পরিকল্পনা করতে হবে। নিরাপত্তা, সুরক্ষা—সব দিক খতিয়ে দেখে পুজো করতে হবে।”

রাজ্যে প্রায় ৬৬ হাজার দুর্গাপুজো হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, অধিকাংশ পুজোর বিসর্জনও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। তবে চোরবাগানের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য পুজো কমিটিগুলিকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার বার্তা দিতে চান তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।