Himangshu Bhau
Himangshu Bhau

আমেরিকায় গ্রেফতার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার হিমাংশু ভাউ

Bengal Liberty : আমেরিকা থেকে গ্রেফতার করা হল ভারতের অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী হরিয়ানার গ্যাংস্টার হিমাংশু ভাউ’কে। তাকে গ্রেফতার করেছে আমেরিকার তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। জানা গিয়েছে, দিল্লি এবং হরিয়ানায় খুন, খুনের চেষ্টা ও তোলাবাজি-সহ একাধিক অপরাধের মামলা রয়েছে হিমাংশুর বিরুদ্ধে। শুধু তাই নয়, বিদেশে থেকেও দিল্লি-এনসিআর, হরিয়ানা এবং পঞ্জাবে অপরাধের জাল চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি জাল নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরি করে ভারত ছাড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), দিল্লি পুলিশ এবং হরিয়ানা পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও তার নাম রয়েছে। হিমাংশুর আরেকটি পরিচয় হল, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী সে। তদন্তকারীদের অভিযোগ, বিদেশে থেকেও ভারতে নিজের অপরাধচক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন তিনি। ২০২৩ সালের অগস্টে হিমাংশুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি হয়। সেই সময় পুলিশ জানিয়েছিল, খুন, খুনের চেষ্টা, তোলাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং জালিয়াতি-সহ ১৮টি মামলায় তাকে খোঁজা হচ্ছিল। ২২ অক্টোবর হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে আইসিই-এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। ধৃতকে ভারতে ফেরাতে ইতিমধ্যেই মার্কিন কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ শুরু করেছে হরিয়ানা পুলিশ।

পুলিশের তদন্তে জানা গিয়েছে যে, একাধিক শুটআউট এবং খুনের ঘটনা, যেগুলো দিল্লি-এনসিআর এলাকায় হয়েছিল, সেখানে যুক্ত ছিল হিমাংশু ভাউ এবং তার দল। সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনার ক্ষেত্রে দায় স্বীকার করেছে তারা। এবার আমেরিকায় তার গ্রেফতারির পর আন্তর্জাতিক স্তরে গ্যাংস্টারদের বিরুদ্ধে তদন্তে নতুন মোড় আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।