Fake Lok Sabha
Fake Lok Sabha

এসআইআর ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের ‘নকল সংসদ’ পরিকল্পনা

Bengal Liberty : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ার বিরুদ্ধে এবার আন্দোলন আরও মজবুত করতে চলেছে বিরোধীরা। জানা যাচ্ছে এই আন্দোলন জোরদার করতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট একটি ‘নকল সংসদ’ অধিবেশনের আয়োজনের পরিকল্পনা করছে।
সূত্রের খবর, আগামী ২৮ অক্টোবর দিল্লিতে এই নকল সংসদীয় অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্ত এবং দেশের কোটি কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে জনগণের দৃষ্টি আকর্ষণ করা। সেইসঙ্গে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একজোট বিরোধীরা।

বিরোধী দল এবং বিভিন্ন নাগরিক মঞ্চের দাবি, এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কারণে বেআইনিভাবে দেশের প্রায় ১৩.৪১ কোটি যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটি এক ধরণের “ভোট চুরি” বলে তাদের দাবি। বিরোধীদের অভিযোগ, সংসদের অনুমোদন ছাড়াই সংবিধিবদ্ধ ফর্ম পরিবর্তন করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে গুরুতর অভিযোগ বিরোধীদের।

জানা গিয়েছে, প্রস্তাবিত এই নকল সংসদে বিরোধী সাংসদেরা প্রতীকীভাবে অংশ নেবেন। সেখানে মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবি, তাঁর বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট প্রস্তাব’ আনার যৌক্তিকতা এবং এসআইআর ব্যবস্থা স্থগিত করার বিষয়ে আলোচনা করা হবে। এই প্রতীকী প্রতিবাদের পর ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে “দিল্লি চলো” সমাবেশের মাধ্যমে শক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে তাদের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।