Weather Alert
Weather Alert

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন

Bengal Liberty : ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা ও সুন্দরবনে দুর্যোগের আশঙ্কা। ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তার উপর দোসর পূর্ণিমার ভরা কটাল। ফলে নদী ও সমুদ্র উত্তাল হয়ে ওঠার পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

নামখানা-সহ জেলার বিভিন্ন উপকূলবর্তী থানার তরফে মাইকিং শুরু হয়েছে। নদী ও সমুদ্রে থাকা মৎস্যজীবীদের সোমবার সন্ধ্যার মধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় গঙ্গাসাগর, বকখালি ও মৌসুনি দ্বীপে সিভিল ডিফেন্সের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। সুন্দরবনের সমস্ত ব্লক প্রশাসনকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষ করে নদীবাঁধ সংলগ্ন এবং নিচু এলাকাগুলির পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি এবং ভরা কটালের সম্মিলিত প্রভাবে উপকূলবর্তী এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করতে প্রচারও জোরদার করা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।