Bengal Liberty : ‘কন্নড়ভাষী প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে চাকরি থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট আইটি সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কর্নাটক সরকার।’ সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের আবহে এই হুঁশিয়ারি দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ভিডিও ব্যাপক ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই চ্যানেল কর্তৃপক্ষ)। তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যে কন্নড়ভাষীদের অধিকার, মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ কোনওভাবেই উপেক্ষা করতে দেওয়া হবে না।
এই বিতর্কের সূত্রপাত এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ওই মহিলা অভিযোগ করেন, বেঙ্গালুরুর কয়েকটি আইটি সংস্থা নিয়োগের ক্ষেত্রে কন্নড়ভাষী প্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বাদ দিচ্ছে। এমনকী, বেঙ্গালুরুর স্থানীয় কলেজগুলির ক্যাম্পাসেও অনেক ক্ষেত্রে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলছে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান মহিলা। বলেন, ‘দয়া করে এই সমস্যার সমাধান করুন।’
ভিডিওটি ঘিরে বিতর্ক ছড়াতেই এই নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। এক্স হ্যান্ডেলে তিনি জানান, কোনও বেসরকারি প্রতিষ্ঠান ইচ্ছাকৃতভাবে কন্নড়ভাষীদের উপেক্ষা করছে বলে প্রমাণ মিললে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। তাঁর কথায়, “কর্নাটকে কন্নড়ভাষাই অগ্রাধিকার। কন্নড়ভাষীদের অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা কোনও কারণেই উপেক্ষা করতে দেওয়া হবে না। এমনটা স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও খবর
তাঁর বক্তব্য, বিশ্বে বেঙ্গালুরুকে ভারতের প্রযুক্তি রাজধানী হিসেবে দেখা হয়। এই শহরের উন্নয়নে কন্নড়ভাষীদের প্রতিভা, দক্ষতা ও সক্ষমতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের স্বার্থ রক্ষা এবং উদ্বেগের বিষয়ে পদক্ষেপ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রীতিমত হুংকারের সঙ্গে দাবি মুখ্যমন্ত্রীর।


