শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

চোরবাগান বাদে নির্বিঘ্নে পুজো, ‘এটাই নতুন পশ্চিমবঙ্গ’, বিজয়া সম্মেলনে দাবি মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : “চোরবাগানের মর্মান্তিক ঘটনা বাদ দিলে রাজ্যজুড়ে ৬৬ হাজারেরও বেশি দুর্গাপুজো অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।” সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মহাসপ্তমীতে চোরবাগানে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১৯ জনের প্রাণহানির জেরে গোটা রাজ্যজুড়ে বিষাদের ছায়া নেমে এসেছিল। নজিরবিহীনভাবে নিহতদের পরিবারের কাছে পৌঁছে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিজয়া সম্মেলনের মঞ্চে চোরবাগানের দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনাকে তিনি ‘হিউম্যান এরর’ বা মানবিক ভুল হিসেবেই দেখছেন। তবে কার ভুলে এত বড় বিপর্যয় ঘটল, তা খতিয়ে দেখার দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বাধীন তদন্ত কমিটির উপরেই ছেড়ে দিতে চান তিনি। কোনও ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে চান না জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁদের ভুলেই এই ঘটনা ঘটে থাকুক না কেন, তার দায় নির্ধারণ করবে তদন্ত কমিটি। দোষীদের কাউকেই আড়াল করা হবে না।”

পাশাপাশি, আগামী দিনে যাতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী উৎসবের নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রয়োজনে তিন মাস পর পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করে সেই সুপারিশ প্রকাশ্যে আনার কথাও বলেন তিনি।

সোমবার কলকাতা ও হাওড়ার প্রায় আট হাজার পুজো উদ্যোক্তার উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে চোরবাগানের দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। জানান, দুর্ঘটনার জন্য কারা দায়ী, তা খতিয়ে দেখবে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বাধীন তদন্ত কমিটি। ওই কমিটির সুপারিশ অনুযায়ী আগামী দিনে উৎসবের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করা হবে।

এদিন অতীতের প্রশাসনিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আগে বিভিন্ন এলাকায় দুর্গাপুজোয় মাইক বাজানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হত। এমনকী, নিরঞ্জনের শোভাযাত্রার পথ নিয়েও বিধিনিষেধ জারি করা হত। শক্তিপুর, মুর্শিদাবাদ, কাঁথি, ক্যানিং, ডায়মন্ড হারবার, ভাঙড়, কালিয়াচক ও ইসলামপুরের মতো একাধিক এলাকার উদাহরণ তুলে ধরে তাঁর দাবি, এ বার সেই ধরনের কোনও ঘটনা ঘটেনি। পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের সহযোগিতাতেই এই পরিস্থিতি সম্ভব হয়েছে।

আগামী দিনে কালীপুজো-সহ অন্যান্য উৎসবেও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। ২০২৭ সালের দুর্গাপুজোয় চোরবাগানের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে আগাম পরিকল্পনার উপরেও জোর দেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।