Bengal Liberty : সিনেমাপ্রেমীদের মধ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে প্রতি বছরই উন্মাদনা থাকে। কাউন্টডাউনও শুরু হয়েছিল আগেই। এবার ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মিলন মেলার একটি অনুষ্ঠানে তিনি জানান, আগামী ১৭ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। তাই উৎসবকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, এবারের চলচ্চিত্র উৎসব প্রকৃত অর্থেই আন্তর্জাতিক মানের হবে। দেশ-বিদেশের বিভিন্ন ভাষার সিনেমা এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে। চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে আগেই একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, মুখ্য উপদেষ্টা হিসেবে থাকছেন মিঠুন চক্রবর্তী।
এদিনের অনুষ্ঠানে চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ ঘোষণার পাশাপাশি প্রবাসী ভারতীয় সম্মেলন নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এবারের প্রবাসী ভারতীয় সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে পশ্চিমবঙ্গ। আগামী ৮ ও ৯ জানুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও উপস্থিত থাকবেন বলে জানান মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক স্তরে বাংলার পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে দাবি শুভেন্দু অধিকারীর।
আরও খবর
একদিকে ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, অন্যদিকে জানুয়ারিতে প্রবাসী ভারতীয় সম্মেলন—পরপর দু’টি গুরুত্বপূর্ণ আয়োজন ঘিরে রাজ্যে প্রস্তুতি শুরু হয়েছে। শীতের মরসুমে এই দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতায় উৎসবের আবহ তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছেন অনেকে।


