Bengal Liberty : খনি এলাকায় বড়সড় বিপত্তি। দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের কুমারডিহি কোলিয়ারিতে খনির প্রায় ২০০ ফুট গভীরে আটকে পড়েছেন ১২ জন শ্রমিক। সোমবার সন্ধ্যায় এই ঘটনার চার ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। শ্রমিকদের নিরাপদে উপরে তুলে আনতে জোরকদমে কাজ চালাচ্ছে খনি কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উপস্থিত রয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
প্রতিদিনের মতো সোমবারও কুমারডিহি কোলিয়ারিতে কয়লা উত্তোলনের কাজ চলছিল। সেই সময় খনির ভিতরে কাজ করছিলেন শ্রমিকেরা। সন্ধ্যার পর ডুলির সাহায্যে তাঁদের উপরে নিয়ে আসার সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর জেরে মাঝপথে আটকে যায় ডুলি। ভিতরে আটকে পড়েন ১২ জন শ্রমিক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, খনির ভিতরে যাতায়াতের জন্য ব্যবহৃত ডুলিতে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি ঘটেছে।
দীর্ঘক্ষণ ধরে শ্রমিকেরা খনির গভীরে আটকে থাকায় তাঁদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও এখনও পর্যন্ত তাঁদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে উপরে থাকা ব্যক্তিদের যোগাযোগ হয়েছে বলে খবর। তাঁদের কাছে পানীয় জল ও খাবার পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।
আরও খবর
এদিকে, শ্রমিকদের পরিবারের সদস্যেরা খনির বাইরে উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলের আশপাশে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে খনির নিরাপত্তা ও যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিয়ে। সহকর্মীদের অভিযোগ, কুমারডিহি কোলিয়ারিতে মাঝেমধ্যেই ডুলি আটকে যাওয়া কিংবা দড়ি ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। তা সত্ত্বেও কেন এই সমস্যার স্থায়ী সমাধান করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন শ্রমিকদের একাংশ।


