রত্না দেবনাথ
রত্না দেবনাথ

অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহার! প্রতিবাদী কর্মসূচি নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভয়ার মায়ের

Bengal Liberty : অনুমতি ছাড়া কোনও কর্মসূচির প্রচারে তাঁর নাম ও ছবি ব্যবহার করা হলে আইনি পদক্ষেপ করবেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে আগামী ১২ নভেম্বর সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছে ‘ভয়েস অফ অভয়া’ ও ‘ভয়েস অফ উইমেন’। ওই কর্মসূচির প্রচারে সমাজমাধ্যমে তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ বিধায়কের। তবে এই কর্মসূচির সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

রত্নার অভিযোগ, ফেসবুক-সহ বিভিন্ন সমাজমাধ্যমে তাঁর নাম ও ছবি ব্যবহার করে কর্মসূচির প্রচার চালানো হচ্ছে। এ নিয়ে হোয়াটসঅ্যাপ বার্তাও পেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন পানিহাটির বিধায়ক। তাঁর কথায়, “আমার নাম ও ছবি ব্যবহার করে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” অনুমতি ছাড়া কোনও কর্মসূচিতে নাম ও ছবি ব্যবহার করা হলে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ। সেই ঘটনায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘিরে আগেই রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। ওই মামলায় তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর জামিনের পর নতুন করে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এই জামিনের প্রতিবাদেই ১২ নভেম্বর সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছে ‘ভয়েস অফ অভয়া’ ও ‘ভয়েস অফ উইমেন’। তদন্তের অগ্রগতি এবং দীর্ঘ সময় পরেও সিবিআইয়ের রিপোর্ট পেশ নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নামার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলি।

তবে এই কর্মসূচির প্রচারে নিজের নাম ও ছবি ব্যবহারের বিরোধিতা করে রত্না দেবনাথ স্পষ্ট করেছেন, ওই সংগঠনের কর্মসূচির সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।