Lionel Messi India Tour 2025
Bengal Liberty Desk, ১৭ ডিসেম্বর কলকাতা: এক মেসি। চার শহর। ভিন্ন অনুভূতি। কোথাও ক্ষোভের পাহাড় তো কোথাও বাঁধভাঙা উচ্ছ্বাস। যা পারল না কলকাতা, তাই করে দেখাল হায়দরাবাদ, মুম্বই, দিল্লি। কলকাতা বাদে বাকি তিন শহরে মেসিকে ঘিরে ময়দানে ভিড় জমালেন না কেউ। তবে সেখানে আপ্যায়নে আপন হলেন মেসি (Lionel Messi)। ভারত সফরে চার শহরে এসেছিলেন মেসি। প্রথমে কলকাতা (Kolkata)। তারপর হায়দরাবাদ (Hyderabad) , মুম্বই Mumbai এবং সবশেষে দিল্লি (Delhi)। সফর সেরে ফিরেও গিয়েছেন তিনি (Lionel Messi India Tour 2025)। আর ফিরে গিয়েই ভারত সফরে তাঁর ‘সুখ-স্মৃতি’ শেয়ার করলেন আন্তর্জাতিক ফুটবল তারকা। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা ভিডিয়োয় কতটা জায়গা দখল করতে পারল কলকাতা? ভারত সফর নিয়ে কী বললেন মেসি?
ভারত সফরে মেসির ‘সুখ-স্মৃতি’ (Lionel Messi India Tour 2025)
ভারত সফরের স্মৃতি শেয়ার করে ইনস্টাগ্রামে মেসি লেখেন, “নমস্তে ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় অবিশ্বাস্য সফর। পুরো সফরে উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা ও ভালবাসার জন্য ধন্যবাদ। আমি আশা করি, ভারতে ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।”

কী রয়েছে ভিডিয়োয়? (Lionel Messi India Tour 2025)
ইনস্টাগ্রামে এই বার্তার পাশাপাশি ভিডিয়োয় তাঁর ভারত সফরের কিছু মুহূর্তও শেয়ার করেছেন মেসি। মেসির শেয়ার করা ভিডিয়োয় কলকাতা সফরের দুটি ছবি তুলে ধরা হয়েছে মূলত। ভিডিয়োর শুরুতে লেকটাউনে মেসির যে ৭০ ফুটের মূর্তি তৈরি করা হয়েছে, সেই মূর্তি উন্মোচনের ছবি তুলে ধরা হয়েছে। ১৩ ডিসেম্বর, গত শনিবার
হোটেল থেকে ভার্চুয়ালি মূর্তিটি উন্মোচন করেছিলেন ফুটবলের ভগবান। এর পাশাপাশি কলকাতা সফরে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে ছবি তোলার মুহূর্ত জায়গা পেয়েছে মেসির শেয়ার করা ভিডিয়োতে। যুবভারতী স্টেডিয়ামের আর কোনও মুহূর্ত অবশ্য জায়গা পায়নি সেই ভিডিয়োয়।
ওই ভিডিয়োয় কলকাতার পাশাপাশি হায়দরাবাদ, মুম্বই ও দিল্লির নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে। শিশুদের সঙ্গে ফুটবল খেলার মুহূর্ত রাখা হয়েছে ভিডিয়োতে। একের পর এক বলে কিক মেরে দর্শকদের কাছে পাঠানো, সেই সব শটও রয়েছে। মেসির সঙ্গে বলিউড অভিনেত্রী করিনা কাপুরের ছবি তোলার মুহূর্ত রয়েছে ভিডিয়োয়।
মুম্বইয়ে শচীন তেন্ডুলকরের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল মেসিকে। ফুটবলের ভগবানকে ‘জার্সি’ উপহার দিয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর। সেই মুহূর্তও ধরা পড়েছে এই ভিডিওতে। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে রয়েছে মেসির বক্তব্য ও মেসিকে নিয়ে বাংলায় গান। যেখানে মেসিকে বলতে শোনা যাচ্ছে, তিনি ফের ভারতে আবার আসবেন। খেলবেন। তবে ভারতে এলেও কলকাতার যুবভারতীতে কি আসবেন ফের ফুটবলের ভগবান। অপেক্ষায় ফুটবলপ্রেমী বাঙালি।
