কালীপুজোর আগের রাতেই বেলুড়ে রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ঘটনাটি ঘটেছে বেলুড়ের রাজেন শেঠ লেনের টিকমানি মার্কেট এলাকায়। কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রথমে তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। মোট ছয়টি ইঞ্জিন একসঙ্গে কাজ শুরু করে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলকর্মীরা দুদিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে ততক্ষণে কারখানার ভিতরে থাকা রাবার তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বেশি বলে মনে করা হচ্ছে।
আরও খবর
কালীপুজো উপলক্ষে কারখানাটি বন্ধ থাকায় এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে বন্ধ কারখানায় কীভাবে আগুন লাগল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
পাশাপাশি, কারখানায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বারবার অগ্নিকাণ্ডের পরেও কেন শিক্ষা নিচ্ছেন না কারখানা কর্তৃপক্ষ? কেন দাহ্য পদার্থ মজুত থাকা সত্ত্বেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না? ফের সেই প্রশ্নই সামনে এসেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় একের পর এক কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়লে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা ছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


