Cyber Crime
ফের বড়সড় হ্যাকিংয়ের আশঙ্কা, রাজ্যের সব দপ্তরকে কড়া সতর্কবার্তা সাইবার সেলের

ফের বড়সড় হ্যাকিংয়ের আশঙ্কা, রাজ্যের সব দপ্তরকে কড়া সতর্কবার্তা সাইবার সেলের

Bengal Liberty : পুজোর আগেই বড়সড় সাইবার হানার মুখে পড়েছিল রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। গোপন তথ্য হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট উদ্দেশ্যে হ্যাক করা হয়েছিল বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটগুলি। সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধ করতে এবং আগাম সতর্কতা হিসাবে এবার নড়েচড়ে বসল প্রশাসন। রাজ্যের সমস্ত সরকারি দপ্তরকে চিঠি পাঠিয়ে কড়া সতর্কতা জারি করল রাজ্য সরকারের অন্তর্গত ‘নেক্সট জেনারেশন সাইবার সিকিওরিটি অপারেশন সেন্টার’ বা ডব্লুবিএনজিসিএসওসি।

প্রশাসন সূত্রে খবর, গত সেপ্টেম্বর মাসের সেই সাইবার হানার নেপথ্য কারণ এবং বর্তমান ঝুঁকি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেই এই নির্দেশিকা পাঠানো হয়েছে। চিঠিতে স্পষ্ট ভাষায় সতর্ক করে জানানো হয়েছে, এখনই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না নিলে সরকারি ওয়েবসাইটগুলি ফের হ্যাকারদের কবলে পড়তে পারে। এর জেরে সরকারের সংবেদনশীল এবং গোপনীয় তথ্য বেহাত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

এদিকে গত সেপ্টেম্বর মাসের ঘটনা এখনও টাটকা। সেবার আচমকাই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট সম্পূর্ণ অচল হয়ে পড়েছিল। যার জেরে একদিকে যেমন জন্ম-মৃত্যু নিবন্ধীকরণের মতো অত্যন্ত জরুরি কাজ থমকে গিয়েছিল, তেমনই ব্যাহত হয়েছিল সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের পরিষেবা। যদিও সরকারিভাবে প্রথমদিকে সরাসরি ‘সাইবার হানা’র কথা স্বীকার করা না হলেও, সাইবার বিশেষজ্ঞদের একাংশের মতে, সেই হাড়হিম করা অচলাবস্থার পেছনে ছিল সংঘবদ্ধ হ্যাকারদের নিখুঁত কারসাজি। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্যই এবার কোমর বেঁধে নেমেছে সিকিউরিটি অপারেশন সেন্টার বা এসডিসি।

সূত্রের খবর, সরকারি ওয়েবসাইটগুলির ‘পিএইচপি কোড’ (সিভিই-২০২৬-১০৯৬১৮/১০৯৬১৯)-এর ব্যবহারেই মূলত নিরাপত্তার ফাঁকফোকর তৈরি হয়েছে। আর পিএইচপি যার পুরো কথা ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’ হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং কোড, যা দিয়ে মূলত ওয়েবসাইট পরিচালনা করা হয়। সাইবার অপরাধীরা এই কোডের দুর্বলতাকেই হাতিয়ার করে তথ্য চুরির চেষ্টা চালাচ্ছে।


এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবিলায় এবং তথ্য সুরক্ষিত রাখতে প্রতিটি সরকারি দপ্তরের উদ্দেশে ৫ দফা সুনির্দিষ্ট পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে এসডিসি। যেখানে বলা হয়েছে, প্রথমেই কোন কোন কম্পিউটার, সার্ভার বা অনলাইন পরিষেবায় পিএইচপি কোড ব্যবহার করা হচ্ছে, তা দ্রুত চিহ্নিত করতে হবে। পাশাপাশি ব্যবহৃত পিএইচপি-র সংস্করণ (ভার্সন) কী রয়েছে, তা খতিয়ে দেখে অবিলম্বে নিরাপত্তা সংক্রান্ত রক্ষাকবচ বা প্রয়োজনীয় ‘আপডেট’ ইনস্টল করতে হবে।

একইসঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলি সরাসরি ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হলে নিরাপত্তার মানদণ্ড ও সতর্কের মাত্রা দ্বিগুণ করতে হবে। এছাড়াও অনেক সরকারি দপ্তরেই এমন পোর্টাল রয়েছে যেখানে বাইরে থেকে সাধারণ মানুষ বা অন্য দপ্তর থেকে তথ্য পাঠানো কিংবা ফাইল আপলোডের সুযোগ থাকে।

এ ক্ষেত্রে সাইবার হানার ঝুঁকি সবচেয়ে বেশি থাকায় বাড়তি নজরদারি প্রয়োজন। সবশেষে এটাও বলা হয়েছে যে, অভ্যন্তরীণ বা বাহ্যিক পরীক্ষায় কোথাও কোনো ত্রুটি বা দুর্বলতা ধরা পড়লে, সময় নষ্ট না করে দ্রুত তার মোকাবিলা করতে হবে।সাইবার বিশেষজ্ঞদের মতে, সরকারি পোর্টালগুলির সুরক্ষা বলয় আরও মজবুত না করলে ভবিষ্যতে বড় ধরনের সাইবার বিপর্যয়ের মুখোমুখি হতে পারে রাজ্য প্রশাসন। তাই প্রশাসনের অন্দরে এখন থেকেই তৎপরতা তুঙ্গে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।