Bengal Liberty : রাজ্যে সদ্য শুরু হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে ফের মাথাচাড়া দিয়েছে তীব্র আইনি জটিলতা। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত চলমান আইনি জট এবং রাজ্য সরকারের অবস্থানের পরিবর্তনের জেরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রায় একশো জন চাকরিপ্রার্থী। ওবিসি ক্যাটাগরিতে টেট বা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাঁদের সাধারণ বা ‘জেনারেল’ ক্যাটাগরিতে কাউন্সেলিং বা সুযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকার ও প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় বহু প্রার্থীই ওবিসি ক্যাটাগরির প্রার্থী হিসেবে টেট বা যোগ্যতা অর্জনকারী পরীক্ষায় পাশ করেছিলেন। কিন্তু বর্তমান আইনি ও প্রশাসনিক জটিলতা এবং ওবিসি তালিকা নিয়ে রাজ্যজুড়ে চলা ধোঁয়াশার কারণে ওই প্রার্থীরা নিজেদের সংরক্ষিত ক্যাটাগরির সুবিধা বাদ দিয়ে সাধারণ বা ‘জেনারেল’ ক্যাটাগরিতে সুযোগ পাওয়ার আবেদন জানান। কিন্তু পর্ষদ বা প্রশাসনের বর্তমান নীতি অনুযায়ী, ওবিসি হিসেবে উত্তীর্ণ প্রার্থীদের জেনারেল ক্যাটাগরিতে স্থানান্তরিত করে সুযোগ দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। আর এই সিদ্ধান্তের ফলেই চূড়ান্ত অনিশ্চয়তা ও আশঙ্কার মুখে পড়েছেন কয়েক হাজার চাকরিপ্রার্থী।
আর এখানেই চাকরিপ্রার্থীদের প্রধান ও জোরালো প্রশ্ন, যদি কোনও প্রার্থী মেধার ভিত্তিতে সাধারণ ক্যাটাগরির কাট-অফ নম্বর বা তার বেশি পেয়ে থাকেন, তবে তাঁকে কেন কেবল ওবিসি ক্যাটাগরির ট্যাগ সেঁটে বঞ্চিত করা হবে তা নিয়ে। পাশাপাশি এই জটিলতা বজায় থাকলে বহু যোগ্য প্রার্থী সদ্য শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হতে পারেন বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
আরও খবর
এদিকে এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনও সদর্থক বা স্পষ্ট সাড়া না মেলায় শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রার্থীরা। ওবিসি শংসাপত্র ও জেনারেল ক্যাটাগরিতে সুযোগ পাওয়ার দাবিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন প্রায় ১০০ জন বঞ্চিত প্রার্থী। এদিকে আদালত সূত্রে খবর, খুব শীঘ্রই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


