কালীপুজোর রাতেই দুই জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ছ’টি দোকান
কালীপুজোর রাতেই দুই জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ছ’টি দোকান

কালীপুজোর রাতেই দুই জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই ছ’টি দোকান

Bengal Liberty : কালীপুজোর রাতে উৎসবের আবহের মধ্যেই পরপর অগ্নিকাণ্ডের ঘটনা। হাওড়ার লিলুয়ার পঞ্চাননতলা নতুন বাজার এবং দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে পৃথক দু’টি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মোট ছ’টি দোকান। লিলুয়ায় আগুনের গ্রাসে চলে যায় তিনটি দোকান। অন্যদিকে, গঙ্গাসাগরেও আগুন ছড়িয়ে পড়ে পরপর তিনটি দোকানে। দুই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে দোকান পুড়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।

প্রথম ঘটনাটি ঘটে লিলুয়ার পঞ্চাননতলা নতুন বাজারে। স্থানীয় সূত্রে খবর, কালীপুজোর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অনুমান, বাজির ফুলকি থেকেই আগুন লেগে থাকতে পারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। দাউদাউ করে জ্বলতে থাকে পরপর তিনটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে ততক্ষণে তিনটি দোকানই কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে।

অন্যদিকে, গঙ্গাসাগরেও কালীপুজোর রাত পেরিয়ে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালিকিরি মন্দিরের কাছে একটি দোকানে প্রথমে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর ফাঁড়ির পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান।

উৎসবের রাতে পরপর দু’টি পৃথক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। দুই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও জানার চেষ্টা চলছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।