Bengal Liberty : শহরের দূষণ কমাতে এ বার অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। বাতাসে ধুলোবালির পরিমাণ কমানোর পাশাপাশি পরিবেশে সুগন্ধ ছড়াতে বিশেষ বিশেষ অনুষ্ঠানে জল ছেটানোর সঙ্গে মেশানো হবে গোলাপ জল। দুর্গাপুজো, কালীপুজোর পর ছটপুজো এবং বিসর্জনের সময়ও এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নগরোন্নয়ন দফতরের উদ্যোগে ‘মিস্ট ক্যানন’-এর মাধ্যমে জল ছেটানো হয়। সেই জলের সঙ্গে নির্দিষ্ট পরিমাণ গোলাপ জল মিশিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে একদিকে বাতাসের ধূলিকণা কিছুটা নিচে নেমে আসবে, অন্যদিকে পরিবেশে ছড়িয়ে পড়বে গোলাপের সুগন্ধ।
পড়ুয়াদের জন্মদিনে গাছ লাগানোর প্রস্তাব
পুরমন্ত্রীর বক্তব্য, দূষণ মোকাবিলায় শুধু জল ছেটানোই যথেষ্ট নয়। দীর্ঘমেয়াদে দূষণ কমানোর অন্যতম কার্যকর উপায় হল আরও বেশি করে গাছ লাগানো। সেই লক্ষ্যেই প্রাথমিক শিক্ষা দফতরকে একটি প্রস্তাব দিয়েছেন তিনি। প্রাথমিক শিক্ষামন্ত্রী দীপক বর্মনকে চিঠি লিখে স্কুলের পড়ুয়াদের জন্মদিনে গাছ লাগানোর ব্যবস্থা চালু করার আবেদন জানিয়েছেন অগ্নিমিত্রা।
প্রস্তাব অনুযায়ী, প্রত্যেক পড়ুয়া নিজের জন্মদিনে স্কুলের ভিতরে অথবা নিজের এলাকার কোনও উপযুক্ত জায়গায় অন্তত দু’টি করে গাছ লাগাবে। শুধু গাছ লাগালেই হবে না, সন্তানের মতো যত্ন নিয়ে সেই গাছের পরিচর্যাও করতে হবে তাকে। পুরমন্ত্রীর আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে শহর ও শহরতলিতে সবুজের পরিমাণ অনেকটাই বাড়ানো সম্ভব হবে।
আরও খবর
টালায় পাইপ ফেটে জলকষ্ট, অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর দিলেন পুরমন্ত্রী
টালায় দীর্ঘদিনের পুরনো জলের পাইপ ফেটে যাওয়ায় কলকাতার একাধিক এলাকায় জল সরবরাহ ব্যাহত হয়েছে। বিশেষ করে দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলকষ্ট। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন এলাকায় জলের ট্যাংকার পাঠানোর ব্যবস্থা করেছে পুরসভা। তবে এখনও কোনও এলাকায় জল সরবরাহ স্বাভাবিক না হলে বা ট্যাংকার না পৌঁছলে নির্দিষ্ট নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানানোর আবেদন জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি জানিয়েছেন, ৯৮৩১১২৭৫২২ নম্বরে যোগাযোগ করে সমস্যার কথা জানানো যাবে। নম্বরটি কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার কল্লোলবাবুর। পুরমন্ত্রীর আশ্বাস, বিষয়টি দেখভাল করছেন দফতরের আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা। পাইপ মেরামতির পাশাপাশি নতুন পাইপের ব্যাস প্রায় দ্বিগুণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে জলপ্রবাহ স্বাভাবিক থাকে এবং এ ধরনের সমস্যা এড়ানো যায়। কাজ শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি, জলকষ্টের সময় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী।


