Bengal Liberty : ডায়মন্ড হারবার থানার আইসি পদে রদবদল ঘিরে এবার সরাসরি রাজ্য পুলিশ প্রশাসনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে ডায়মন্ড হারবার থানার আইসিকে বদলি করার সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে নিজের ফেসবুক পোস্টে সরব হয়েছেন তিনি। শুধু প্রশ্ন তোলাই নয়, পুলিশ আধিকারিকদের রাজনৈতিক নির্দেশ মেনে কাজ না করার পরামর্শ দিয়ে কার্যত হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক।
নিজের পোস্টে অভিষেক লিখেছেন, “হঠাৎ ডায়মন্ড হারবার থানার আইসিকে বদলি করা হল কেন? মিথ্যা প্রমাণ সাজিয়ে একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলেই কি শাস্তি হিসেবে এই তড়িঘড়ি বদলি? নাকি কোনও ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত?”
এরপরই পুলিশ প্রশাসনের আধিকারিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। অভিষেকের বক্তব্য, আইন ও সার্ভিস রুলস মেনে প্রত্যেক পুলিশ আধিকারিকের নিজের দায়িত্ব পালন করা উচিত। কোনও রাজনৈতিক প্রভুর নির্দেশে এমন কোনও কাজ করা উচিত নয়, যার জেরে ভবিষ্যতে নিজের চাকরি, সম্মান ও পেশাগত জীবন বিপন্ন হতে পারে। তাঁর কথায়, ক্ষমতার সমীকরণ বদলায়, রাজনৈতিক প্রভুরাও বদলে যান। কিন্তু নিজের কাজের দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিককেই নিতে হয়। পোস্টের শেষে সময় থাকতে সতর্ক হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।
আরও খবর
উল্লেখ্য, শুক্রবার, ২০ নভেম্বর রাজ্য পুলিশের প্রকাশিত বদলির নির্দেশিকা অনুযায়ী, ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করকে সরিয়ে পূর্ব মেদিনীপুরের ডিআইবি-তে ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় দে-কে। এই প্রশাসনিক রদবদলের পরই অভিষেকের এমন পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
তবে এই পোস্টের নেপথ্যে রয়েছে সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি কার্যালয় থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা। গত ৪ নভেম্বর ওই কার্যালয় থেকে মোট ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। পুলিশ জানিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই টাকা উদ্ধার করা হয়েছিল।
এই টাকা উদ্ধারের ঘটনাকে প্রথম থেকেই সাজানো বলে দাবি করে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁকে এবং তাঁর দলকে রাজনৈতিকভাবে হেয় করতে পুলিশ পরিকল্পিতভাবে টাকা উদ্ধারের ঘটনা সাজিয়েছে। অন্যদিকে, পুলিশ আনুষ্ঠানিকভাবে টাকা উদ্ধারের কথা জানিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়।
এবার সেই ঘটনার পর ডায়মন্ড হারবার থানার আইসি বদল হতেই ফের পুলিশ প্রশাসনকে নিশানা করলেন অভিষেক। নিজের পোস্টে তিনি লিখেছেন, “ক্ষমতার সমীকরণ বদলায়, রাজনৈতিক প্রভুরাও বদলে যান। কিন্তু নিজের কাজের দায় একদিন নিজেকেই নিতে হয়।”


