BSF Constable Recruitment
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: বিএসএফ-র কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের কোটা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।এতদিন পর্যন্ত বিএসএফ কনস্টেবল নিয়োগে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ কোটা নির্ধারিত ছিল। এবার তা বৃদ্ধি করে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এদিন গেজ়েট বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
অগ্নিবীরদের কোটা বৃদ্ধি (BSF Constable Recruitment)
বিএসএফ জেনারেল ডিউটি ক্যাডার (অ-গেজেটেড) নিয়োগের বিধি সংশোধন করে এই কোটা বৃদ্ধি করা হয়েছে। প্রাক্তন অগ্নিবীরদের প্রথম ব্যাচ ৫ বছরের বয়স ছাড় পাবে, বাকি প্রাক্তন অগ্নিবীররা ৩ বছরের ছাড় পাবে। শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক মান পরীক্ষা এবং শারীরিক দক্ষতা পরীক্ষাতেও ছাড় দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সি যুবক-যুবতীরা চার বছরের মেয়াদে অগ্নিবীর হিসেবে স্থলসেনা, নৌসেনা ও বায়ুসেনায় নিযুক্ত হওয়ার সুযোগ পান। চার বছরের পরিষেবা শেষে মোট নিযুক্ত অগ্নিবীরদের মধ্যে ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য স্থায়ীভাবে বাহিনীতে বহাল রাখা হয়। বাকি ৭৫ শতাংশকে অব্যাহতি দেওয়া হয়।
তবে, এই প্রকল্প শুরুর সময় থেকেই অব্যাহতি পাওয়া অগ্নিবীরদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষিতে কেন্দ্র সরকার আধাসেনা বাহিনীগুলিতে তাঁদের জন্য সংরক্ষণের ব্যবস্থা চালু করে। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি-সহ বিভিন্ন আধাসেনা বাহিনীর চাকরির ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রেখেছিল কেন্দ্র। এবার বিএসএফ কনস্টেবল নিয়োগে সেই সংরক্ষণ এক লাফে ৫০ শতাংশ বাড়ল কেন্দ্র। সীমান্তরক্ষা বাহিনীর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য এত বড় অংশ সংরক্ষনের সিদ্ধান্তে অগ্নিবীরদের জন্য বড় সুযোগ তৈরি হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
