C.M. Suvendu Adhikari
C.M. Suvendu Adhikari

উত্তর থেকে দক্ষিণ, কলকাতা জুড়ে নামী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Bengal Liberty : উত্তর কলকাতার অন্যতম পরিচিত দুর্গাপুজো টালা প্রত্যয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে কলকাতার পুজো, মানুষের আবেগ এবং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এখন এই পুজো বাড়ির পুজো হয়ে গিয়েছে। এখানে আসতে কোনও বাধা নেই।”

টালা প্রত্যয় কলকাতার নামী দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। তবে এ বছর পুজো আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এ বছর ১০১তম বর্ষে পা দিয়েছে এই পুজো। নতুন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির নেতৃত্বে এ বারের পুজোর আয়োজন করা হয়েছে।

এ বছরের থিম ‘বিয়োজন’। শিল্পী সুশান্ত শিবানী পালের ভাবনা ও পরিকল্পনায় তৈরি হয়েছে এই থিম। পাশাপাশি, এ বারের পুজোর অন্যতম আকর্ষণ ভাসমান দুর্গাপ্রতিমা। থিমের অভিনব ভাবনা ও উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করার প্রস্তুতি নিয়েছেন উদ্যোক্তারা।

C.M. Suvendu Adhikari
টালা প্রত্যয়

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পুজো কমিটির সদস্যদের সঙ্গে নিজের দীর্ঘদিনের পরিচিতির কথাও তুলে ধরেন। তিনি জানান, টালার মানুষের সঙ্গে তাঁর বহু বছরের সম্পর্ক রয়েছে। পুজোকে কেন্দ্র করে মানুষের মিলন, আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার উপর জোর দেন তিনি।

পাশাপাশি, পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য উদ্যোক্তা, স্থানীয় পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বয় রেখে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর আশা, এ বারের পুজো আনন্দময় ও শুভ হোক। সকলেই যেন সুন্দরভাবে উৎসব উপভোগ করতে পারেন এবং টালা প্রত্যয় বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারে

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।