Bengal Liberty
খারাপ রাস্তাই(Mandirbazar news) যেন প্রাণ কেড়ে নিল। যাত্রীবোঝাই বাস উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল বাসের কন্ডাক্টরের।দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে রবিবার ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। গাববেড়িয়া এলাকায় একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় বাসের কন্ডাক্টর খোকন সর্দার গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

বেহাল রাস্তার অভিযোগ, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের(Mandirbazar news)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি ঢোলাহাটের জুমাই লস্করের হাট থেকে লক্ষ্মীকান্তপুরের উদ্দেশে যাচ্ছিল। গাববেড়িয়া এলাকায় ভগবতীপুরের বেহাল রাস্তায় একটি দুধবাহী পিকআপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার ধারে উল্টে যায়। মুহূর্তের মধ্যেই বাসের ভিতরে চিৎকার-চেঁচামেচি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর খারাপ রাস্তার প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। বাস সংগঠনের সদস্যদের নিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। একাধিকবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে রাস্তা পরিষ্কার করে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। মৃত কন্ডাক্টরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। স্থানীয়দের আরও দাবি, দ্রুত রাস্তা মেরামতের পাশাপাশি বেপরোয়া ও অবৈধ যান চলাচলের বিরুদ্ধেও প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবর



