Bengal Liberty:
পাকিস্তানি চর রানা রউফের সঙ্গে যোগাযোগের অভিযোগে হুগলির রিষড়া থেকে আরও এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Bengal STF)। ধৃতের নাম জাফর শাম ওরফে সানি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রানা রউফের সঙ্গে তাঁর যোগাযোগ, ভূমিকা এবং সম্ভাব্য পাক গুপ্তচর নেটওয়ার্কে তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সানির রানা যোগ(Bengal STF)
গত ১২ অগস্ট উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে। তদন্তকারীদের দাবি, পাকিস্তানের নাগরিক রানা নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন কলকাতায় ঘাঁটি গেড়ে ছিল। তপসিয়া এলাকায় ভুয়ো আধার ও ভোটার কার্ড ব্যবহার করে থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশি ধরপাকড় শুরু হতেই তপসিয়া থেকে পালিয়ে রিষড়ায় গা-ঢাকা দিয়েছিল সানি। এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আরও খবর
গোপন সূত্রে খবর পেয়ে রিষড়ায় অভিযান চালিয়ে সানিকে পাকড়াও করে বেঙ্গল STF। তদন্তকারীদের দাবি, জেরায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। নেপাল হয়ে পশ্চিমবঙ্গে আসার পর রানাকে বিভিন্নভাবে সাহায্য করেছিল সানি। এমনকি হাওড়ার একটি কারখানায় রানার কাজের ব্যবস্থাও করে দিয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি, পশ্চিমবঙ্গে একটি ‘নেটওয়ার্কিং সেল’ তৈরির কাজেও রানাকে সাহায্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

সক্রিয় তল্লাশি (Bengal STF)
এই মামলায় বেঙ্গল STF-এর ধারাবাহিক তৎপরতাও বিশেষভাবে নজরে পড়ছে। একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য অভিযুক্ত বা সহযোগীর খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালানো হচ্ছে। ফলে একের পর এক সন্দেহভাজনকে তদন্তের আওতায় এনে এই নেটওয়ার্কের চক্রের মাথায় পৌঁছনোর চেষ্টা করছেন গোয়েন্দারা।
তদন্তকারীদের নজরে এখন এই নেটওয়ার্কের বিস্তার। রানা রউফকে জেরা করে নেপালে আইএসআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ এবং এজেন্টদের নিয়ে বৈঠকের তথ্য সামনে এসেছে বলে সূত্রের দাবি। পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক ও সেল তৈরি এবং এজেন্টদের কাছে টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।
Bengal STF
রানা রউফের সঙ্গে যোগসূত্রের অভিযোগে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে STF। তাঁদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, কোথা থেকে এই নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে এবং এর শিকড় কতদূর বিস্তৃত, সেই তথ্যই এখন খুঁজছেন তদন্তকারীরা। একের পর এক গ্রেফতার এবং তল্লাশির মাধ্যমে তদন্ত যত এগোচ্ছে, ততই এই পাক গুপ্তচর নেটওয়ার্কের সম্ভাব্য পরিধি নিয়ে নতুন তথ্য সামনে আসছে।

আরও পড়ুনঃ ১৫ বছর ক্ষমতায় থেকে দুর্নীতির পক্ষে সওয়াল! বিরোধী হতেই বিজেপিকে কাঠগড়ায় তুললেন ঋতব্রত


