Bengal Liberty:
রাজনীতির ময়দানের বাইরে এবার মানবিক উদ্যোগে নজর কাড়লেন ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়ক নওশাদ সিদ্দিকী। জটিল কিডনি সমস্যায় আক্রান্ত অষ্টম শ্রেণির এক ছাত্রীর চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ওই ছাত্রীর দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হলেও বিপুল চিকিৎসা ব্যয়ের কারণে দিশেহারা পরিবার।

Naushad Siddiqui
শুক্রবার সাংবাদিক বৈঠকে এই ঘটনার কথা তুলে ধরেন নওশাদ সিদ্দিকী। তিনি জানান, ভাঙড় বিধানসভার ভাওতা এলাকার বাসিন্দা নেহা লস্কর গুরুতর কিডনি সমস্যায় আক্রান্ত। নেহার বাবা বিশ্বজিৎ লস্কর পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। মা পিয়ালী লস্কর গৃহবধূ। পড়াশোনা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই মেধার পরিচয় দেওয়া এই ছাত্রীর আচমকাই কিডনির জটিল সমস্যা ধরা পড়ে।
আরও খবর
মানবিক আবেদন, চিকিৎসার খরচে সাহায্যের আর্জি বিধায়কের

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইতিমধ্যেই নেহার ডায়ালিসিস শুরু হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য দ্রুত কিডনি প্রতিস্থাপন জরুরি বলে পরিবারকে জানিয়েছেন চিকিৎসকেরা। সেই অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
Naushad Siddiqui
একদিকে মেয়ের চিকিৎসার খরচ, অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের সীমিত আয়—সব মিলিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে লস্কর পরিবার। এই পরিস্থিতিতে নেহার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন নওশাদ সিদ্দিকী।
Naushad Siddiqui
শুধু নিজের তরফে সহযোগিতার আশ্বাসই নয়, সমাজের সর্বস্তরের মানুষের কাছেও নেহার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক। তাঁর আহ্বান, সামর্থ্য অনুযায়ী সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে একটি শিশুর জীবন বাঁচানোর লড়াই অনেকটাই সহজ হয়ে উঠতে পারে।
Naushad Siddiqui
রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে নওশাদ সিদ্দিকীর মানবিক দিকটি আরও একবার সামনে এসেছে। এখন প্রয়োজনীয় অর্থ জোগাড় করে দ্রুত নেহার কিডনি প্রতিস্থাপন সম্ভব হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে তাঁর পরিবার।

আরও পড়ুনঃ কংগ্রেস প্রার্থীর এজেন্টকে ‘জোর করে বিয়ে’ বিজেপির বিধানসভা প্রার্থীর!


