Bengal Liberty : রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নিউ আলিপুরে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর সাম্রাজ্যে বড়সড় ধাক্কা লাগল। তোলাবাজি ও শ্লীলতাহানির মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে সোমবার তাঁর সাহাপুর কলোনির ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। আর সেখানেই খোঁজ মিলল এক রহস্যময় ‘গুপ্ত ঘর’-এর, যা আধুনিক ডিজিটাল লকে সুরক্ষিত ছিল।
ডিজিটাল লক ভাঙতে নাজেহাল পুলিশ (Swarup Biswas)
তদন্তকারীরা জানান, ফ্ল্যাটের চার তলায় একটি বিশেষ গোপন দরজা নজরে আসে। স্বরূপ বিশ্বাস ওই ঘরের অ্যাক্সেস কোড বা পাসওয়ার্ড জানাতে অস্বীকার করেন। এমনকি তাঁর আঙুলের ছাপ দিয়েও লক খোলেনি। প্রথমে চাবিওয়ালা ডেকেও কোনও লাভ হয়নি। অবশেষে বিশেষজ্ঞদের ডেকে যান্ত্রিক উপায়ে ডিজিটাল লক ভেঙে ঘরে ঢোকে পুলিশ।

কী মিলল গোপন ঘরে? (Swarup Biswas)
রহস্যময় ওই ঘরটিতে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে একের পর এক চমক পান তদন্তকারীরা। ঘর থেকে উদ্ধার হয়েছে ১৪টি মোবাইল ফোন, ২টি আইপ্যাড, বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথিপত্র (প্রাথমিকভাবে জানা গেছে, এগুলির বেশিরভাগই টলিপাড়ার ‘গিল্ড’ সংক্রান্ত)।একসঙ্গে এতগুলি ডিজিটাল ডিভাইস কেন লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। সমস্ত মোবাইল ও আইপ্যাড লক খুলে তথ্য উদ্ধারের জন্য লালবাজারের সাইবার বিভাগের ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হচ্ছে।
আরও খবর

গা ঢাকা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ? (Swarup Biswas)
পুলিশ জানিয়েছে, এই ফ্ল্যাটটি স্বরূপ ও তাঁর ভাই তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের নামে রয়েছে। বিধাননগর কমিশনারেটের অনুরোধে ‘মেসি-কাণ্ড’ সংক্রান্ত নথির খোঁজেও এখানে তল্লাশি চালানো হয়। এদিকে তদন্তে সহযোগিতার জন্য তলব করা হলেও এখনও পুলিশের সামনে হাজির হননি অরূপ বিশ্বাস। তিনি বর্তমানে গা ঢাকা দিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে।


